দিনাজপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কল্যাণে সেলাই মেশিন, বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত
দিনাজপুর, ২৮ জুলাই: ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের শিক্ষা, কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নে দিনাজপুর সদর উপজেলায় শিক্ষাবৃত্তি, বাইসাইকেল, সেলাই মেশিন এবং নতুন নির্মিত ঘর বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল ৫টায় সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে এসব সহায়তা তুলে দেওয়া হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তমালিকা পাল-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। এ সময় সহকারী কমিশনার (ভূমি) বোরহান উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম আযম, গণঅধিকার পরিষদের দিনাজপুর জেলা শাখার সভাপতি মো. শফিকুল ইসলাম, ৭নং উথরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহুল আমিনসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ‘প্রধানমন্ত্রীর কার্যালয় হতে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ শীর্ষক কর্মসূচির আওতায় সদর উপজেলার প্রাথমিক পর্যায়ের ৮৯ জন, মাধ্যমিক পর্যায়ের ৫৩ জন এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৩২ জন শিক্ষার্থীর মধ্যে মোট ৭ লাখ ৮৪ হাজার টাকার শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়।
এ ছাড়া বিদ্যালয়ে যাতায়াত সহজ করতে ২৭ জন শিক্ষার্থীর হাতে বাইসাইকেল, আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ১৮ জনের হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়। একই সঙ্গে পাঁচটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের কাছে নতুন নির্মিত ঘরের চাবিও হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন, শিক্ষার প্রসার এবং আত্মনির্ভরশীলতা নিশ্চিত করতে সরকারের এ ধরনের সহায়তা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও এ ধরনের উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
মতামত দিন