ক্যান্সারের সঙ্গে জীবনযুদ্ধে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সিয়াম
দিনাজপুরের নাভারা উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির মেধাবী শিক্ষার্থী মো. সিয়াম (১২) মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দিন পার করছে। দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন থাকলেও অর্থাভাবে তার উন্নত চিকিৎসা এখন অনিশ্চয়তার মুখে পড়েছে। প্রতিমাসে প্রায় ৬০ হাজার টাকার চিকিৎসা ব্যয় বহন করতে না পেরে অসহায় পরিবারটি সমাজের বিত্তবান ও মানবিক মানুষের সহযোগিতা কামনা করেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, ২০২৫ সালের মার্চ মাসে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে সিয়াম। বিভিন্ন হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তার শরীরে ক্যান্সার শনাক্ত করেন। এরপর থেকে ধারদেনা, আত্মীয়-স্বজনের সহায়তা এবং পরিবারের শেষ সম্বল বিক্রি করে চিকিৎসা চালিয়ে গেলেও বর্তমানে আর সেই ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না।
সিয়ামের বাবা শাহিন আলম পেশায় একজন দিনমজুর। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় ছেলের চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে তিনি চরম আর্থিক সংকটে পড়েছেন। অর্থের অভাবে নিয়মিত চিকিৎসা ব্যাহত হওয়ায় সিয়ামের শারীরিক অবস্থারও অবনতি হচ্ছে বলে পরিবার জানিয়েছে।
কান্নাজড়িত কণ্ঠে শাহিন আলম বলেন, “সন্তানের চিকিৎসা করাতে না পারার কষ্ট একজন বাবার জন্য সবচেয়ে বড় যন্ত্রণা। সমাজের সামর্থ্যবান মানুষ ও মানবিক সংগঠনগুলো যদি পাশে দাঁড়ায়, তাহলে হয়তো আমার ছেলে নতুন জীবন ফিরে পেতে পারে।”
পরিবারের পক্ষ থেকে সমাজের হৃদয়বান ব্যক্তি, প্রবাসী, স্বেচ্ছাসেবী সংগঠন এবং দানশীলদের কাছে সিয়ামের চিকিৎসার জন্য সহযোগিতার আবেদন জানানো হয়েছে।
সহায়তা পাঠানোর ঠিকানা:
বিকাশ (পার্সোনাল): ০১৮৬৯৫৮৮৬০৮
নগদ (পার্সোনাল): ০১৭৭৩৬৪৬৩৮৮
ব্যাংক হিসাব নম্বর: ০১০০২৪৪৬৫১৩৪২
হিসাবের নাম: মো. শাহিন আলম
ব্যাংক: জনতা ব্যাংক লিমিটেড, দশ মাইল মোড় শাখা, দিনাজপুর।l
মতামত দিন