• ২০২৬ Jul ২৯, বুধবার, ১৪৩৩ শ্রাবণ ১৪
  • সর্বশেষ আপডেট : ০৫:০৭ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

শ্রেণিকক্ষে হঠাৎ খুলে পড়ল সিলিং ফ্যান, বড় দুর্ঘটনা থেকে বাঁচল শিক্ষার্থীরা

  • প্রকাশিত ০৬:০৭ অপরাহ্ন বুধবার, Jul ২৯, ২০২৬
শ্রেণিকক্ষে হঠাৎ খুলে পড়ল সিলিং ফ্যান, বড় দুর্ঘটনা থেকে বাঁচল শিক্ষার্থীরা
File
রুহুল আমিন - দিনাজপুর জেলা প্রতিনিধি, টাইম বাংলা নিউজ।

শ্রেণিকক্ষে হঠাৎ খুলে পড়ল সিলিং ফ্যান, বড় দুর্ঘটনা থেকে বাঁচল শিক্ষার্থীরা


দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের কাটাবাড়ি গ্রামের ফুলবাড়ী বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির একটি কক্ষে পাঠদান চলাকালে হঠাৎ ছাদ থেকে একটি বৈদ্যুতিক সিলিং ফ্যান খুলে মেঝেতে পড়ে যায়। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ঘটে যাওয়া এ ঘটনায় অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় কোমলমতি শিক্ষার্থীরা। তবে ঘটনাটি বিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি করেছে।

স্থানীয় ও বিদ্যালয় সূত্রে জানা যায়, ক্লাস চলাকালীন সচল অবস্থায় থাকা ফ্যানটি হঠাৎ বিকট শব্দে ছাদ থেকে খুলে নিচে পড়ে যায়। স্থানীয়দের দাবি, এ ঘটনায় দুই শিক্ষার্থী হাত ও মাথায় সামান্য আঘাত পেয়েছে। তবে বিদ্যালয় কর্তৃপক্ষ কোনো শিক্ষার্থী আহত হওয়ার বিষয়টি অস্বীকার করেছে।

ঘটনার পর শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অভিভাবক সোহেল রানা অভিযোগ করেন, বিদ্যালয়ের পুরোনো ও ঝুঁকিপূর্ণ ফ্যানগুলো দীর্ঘদিন ধরে মেরামত বা পরিবর্তনের দাবি জানানো হলেও কর্তৃপক্ষ কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। তাদের অবহেলার কারণেই এমন বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে তিনি দাবি করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফা আক্তার লাভলী জানান, ঘটনার সময় বিদ্যালয় ছুটির সময় ঘনিয়ে আসায় অনেক শিক্ষার্থী শ্রেণিকক্ষের বাইরে ও দরজার কাছে অবস্থান করছিল। এ কারণে বড় ধরনের হতাহতের ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। তিনি বলেন, সম্প্রতি কয়েকটি ফ্যান পরীক্ষা ও মেরামত করা হলেও দুর্ভাগ্যবশত এই ফ্যানটি পরীক্ষা করা হয়নি। বিষয়টি ইতোমধ্যে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মহসিন আলী বলেন, ফ্যান খসে পড়ার বিষয়টি তার জানা রয়েছে। বিদ্যালয়গুলোর বৈদ্যুতিক সরঞ্জাম নিয়মিত পরীক্ষা করার নির্দেশনা আগে থেকেই দেওয়া ছিল। কেন সেই নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করা হয়নি, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, এ ঘটনার পর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে জরাজীর্ণ বৈদ্যুতিক সরঞ্জাম দ্রুত পরীক্ষা ও প্রতিস্থাপনের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

সর্বশেষ