• ২০২৬ অগাস্ট ০২, রবিবার, ১৪৩৩ শ্রাবণ ১৮
  • সর্বশেষ আপডেট : ০৮:০৮ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

প্রবাসীদের ঝুলে থাকা পাসপোর্ট আবেদন ৬০ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের

  • প্রকাশিত ০৮:০৮ অপরাহ্ন রবিবার, অগাস্ট ০২, ২০২৬
প্রবাসীদের ঝুলে থাকা পাসপোর্ট আবেদন ৬০ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের
Time Bangla news
মোঃ সেলিম মিয়া বিশেষ প্রতিনিধি | টাইম বাংলা নিউজ

প্রবাসীদের ঝুলে থাকা পাসপোর্ট আবেদন ৬০ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের


প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিন ধরে ঝুলে থাকা পাসপোর্ট নবায়ন ও নতুন পাসপোর্টের আবেদন আগামী ৬০ দিনের মধ্যে নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে বিভিন্ন দেশে বাংলাদেশি দূতাবাস ও হাইকমিশনের মাধ্যমে পাঠানো পাসপোর্ট আবেদন দ্রুত নিষ্পত্তিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

রোববার জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ অন্তর্বর্তীকালীন আদেশ দেন।

আদালত নির্দেশ বাস্তবায়নের অগ্রগতি জানিয়ে ৯০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলেছেন। এছাড়া আগামী ২১ দিনের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে নির্দেশনা পাঠাতে বলা হয়েছে, যাতে প্রবাসীদের পাসপোর্ট সংক্রান্ত আবেদন দ্রুত দেশে পাঠিয়ে নিষ্পত্তির ব্যবস্থা করা হয়। এ বিষয়ে ৩০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন জমা দিতে হবে।

একই সঙ্গে প্রবাসীদের নতুন পাসপোর্ট ইস্যু ও নবায়নের আবেদন নিষ্পত্তিতে প্রশাসনের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং দ্রুত আবেদন নিষ্পত্তির নির্দেশ কেন দেওয়া হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, পররাষ্ট্র সচিব, প্রবাসী কল্যাণ সচিব, আইন সচিব, পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট ১৪ জনকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) করা রিট আবেদনে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে পাসপোর্ট নবায়ন ও ই-পাসপোর্ট ইস্যুতে বিলম্বের কারণে অনেক প্রবাসী ভিসা নবায়ন করতে পারছেন না। ফলে তারা কর্মস্থলে আইনি জটিলতা, চাকরি হারানোর আশঙ্কা, এমনকি অবৈধ অভিবাসী হিসেবে গণ্য হওয়ার ঝুঁকির মুখে পড়ছেন।

আবেদনে আরও বলা হয়, পাসপোর্ট প্রিন্টিং ও আবেদন নিষ্পত্তির দীর্ঘসূত্রতার কারণে প্রবাসীদের ব্যক্তিগত ও পেশাগত জীবনে গুরুতর প্রভাব পড়ছে। এর নেতিবাচক প্রভাব দেশের রেমিট্যান্স প্রবাহ ও সামগ্রিক অর্থনীতিতেও পড়তে পারে।

রিটের পক্ষে শুনানিতে অংশ নেওয়া আইনজীবী মনজিল মোরসেদ আদালতে বলেন, দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ শুধুমাত্র পাসপোর্ট জটিলতার কারণে বহু প্রবাসী চাকরি হারাচ্ছেন এবং নানা ভোগান্তির শিকার হচ্ছেন। আদালতের এ নির্দেশ বাস্তবায়িত হলে প্রবাসীদের দীর্ঘদিনের একটি বড় সমস্যা অনেকটাই লাঘব হবে।

সর্বশেষ