• ২০২৬ অগাস্ট ০৩, সোমবার, ১৪৩৩ শ্রাবণ ১৯
  • সর্বশেষ আপডেট : ০২:০৮ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

রিয়াদে আবারও প্রবাসী বাংলাদেশি অপহরণের অভিযোগ, মুক্তিপণ দাবির অভিযোগে উদ্বেগ।

  • প্রকাশিত ০২:০৮ অপরাহ্ন সোমবার, অগাস্ট ০৩, ২০২৬
রিয়াদে আবারও প্রবাসী বাংলাদেশি অপহরণের অভিযোগ, মুক্তিপণ দাবির অভিযোগে উদ্বেগ।
File
হাসিনুর রহমান হাসু। টাইম বাংলা নিউজ ডেস্ক।

রিয়াদে আবারও প্রবাসী বাংলাদেশি অপহরণের অভিযোগ, মুক্তিপণ দাবির অভিযোগে উদ্বেগ।

সৌদি আরবের রাজধানী রিয়াদের আজিজিয়া এলাকা থেকে কুমিল্লার মুরাদনগর উপজেলার হাছান নামের এক বাংলাদেশি প্রবাসীকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার।

পরিবারের দাবি, গত বৃহস্পতিবার রাতে হাছানকে অপহরণ করা হয়। অপহরণের পর তাকে নির্যাতন করে সেই ভিডিও ধারণ করা হয় এবং দেশের বাড়িতে থাকা স্বজনদের কাছে পাঠিয়ে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করা হয়। পরিবারের অভিযোগ, মুক্তিপণ না দিলে তাকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে।

এ ঘটনায় পরিবারের সদস্যরা চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। তারা দ্রুত হাছানের সন্ধান এবং তাকে নিরাপদে উদ্ধারে সৌদি আরবের আইনশৃঙ্খলা বাহিনী, বাংলাদেশ দূতাবাস এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এদিকে, দীর্ঘদিন ধরেই সৌদি আরবের রিয়াদে বাংলাদেশি প্রবাসীদের অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগ বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে উঠে আসছে। অভিযোগ রয়েছে, একটি সংঘবদ্ধ চক্র প্রবাসীদের কৌশলে অপহরণ করে নির্জন স্থানে আটকে রেখে মারধর ও নির্যাতন করে। পরে সেই নির্যাতনের ভিডিও পরিবারের কাছে পাঠিয়ে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণ দিতে ব্যর্থ হলে ভুক্তভোগীদের প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে।

প্রবাসীদের অভিযোগ, এমন ঘটনা বারবার সামনে এলেও এ ধরনের অপরাধ দমনে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপের অভাব রয়েছে। ফলে সৌদি আরবে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের মধ্যে আতঙ্ক বাড়ছে।

ভুক্তভোগী পরিবার ও প্রবাসী বাংলাদেশিদের দাবি, এ ধরনের অপহরণ ও চাঁদাবাজি চক্রের বিরুদ্ধে বাংলাদেশ সরকার, সৌদি কর্তৃপক্ষ এবং বাংলাদেশ দূতাবাসের সমন্বিত ও কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি। তাদের মতে, দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হলে বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে এবং ভবিষ্যতে বাংলাদেশি কর্মীদের জন্য কর্মসংস্থানের ক্ষেত্রেও নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত অপহরণের অভিযোগের বিষয়ে সৌদি কর্তৃপক্ষ বা বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়টি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

সর্বশেষ