• ২০২৬ অগাস্ট ০৩, সোমবার, ১৪৩৩ শ্রাবণ ১৯
  • সর্বশেষ আপডেট : ০৩:০৮ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

সন্তানকে নৈতিক ও দায়িত্ববান নাগরিক হিসেবে গড়ে তুলতে অভিভাবকদের প্রতি আখতারুজ্জামান মিয়ার আহ্বান

  • প্রকাশিত ০৪:০৮ অপরাহ্ন সোমবার, অগাস্ট ০৩, ২০২৬
সন্তানকে নৈতিক ও দায়িত্ববান নাগরিক হিসেবে গড়ে তুলতে অভিভাবকদের প্রতি আখতারুজ্জামান মিয়ার আহ্বান
টাইম বাংলা নিউজ
মোয়াজ্জেম হোসেন, দিনাজপুর জেলা প্রতিনিধি

দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনের সংসদ সদস্য ও সংসদের হুইপ মো. আখতারুজ্জামান মিয়া সন্তানদের শুধু উচ্চশিক্ষিত নয়, নৈতিক, সৎ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বার্তায় তিনি বলেন, একটি শিশুর প্রকৃত শিক্ষা শুরু হয় পরিবার থেকেই। তাই সন্তানের চরিত্র ও মূল্যবোধ গঠনে বাবা-মায়ের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, প্রতিটি অভিভাবকেরই স্বপ্ন থাকে সন্তানকে উচ্চশিক্ষিত ও প্রতিষ্ঠিত দেখতে। তবে কেবল ভালো শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি করানো বা আর্থিক চাহিদা পূরণ করাই যথেষ্ট নয়। সন্তানের মানসিক বিকাশ, নৈতিক শিক্ষা, আচরণ, বন্ধুমহল এবং দৈনন্দিন কর্মকাণ্ডের প্রতিও সমান গুরুত্ব দিতে হবে।

হুইপ আখতারুজ্জামান মিয়া অভিভাবকদের উদ্দেশে বলেন, সন্তান অবসর সময় কীভাবে কাটাচ্ছে, ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যম কী উদ্দেশ্যে ব্যবহার করছে—এসব বিষয়ে নিয়মিত নজর রাখা জরুরি। একই সঙ্গে সপ্তাহে অন্তত একবার শ্রেণিশিক্ষকের সঙ্গে যোগাযোগ করে সন্তানের লেখাপড়া, উপস্থিতি ও সার্বিক অগ্রগতির খোঁজ নেওয়া এবং মাসে অন্তত একবার বিদ্যালয়ে গিয়ে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করার পরামর্শ দেন তিনি।

তিনি আরও বলেন, কোনো শিশুই জন্মগতভাবে অপরাধপ্রবণ নয়। পারিবারিক শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও সঠিক দিকনির্দেশনাই একজন শিশুর ব্যক্তিত্ব গঠনে সবচেয়ে বড় ভূমিকা রাখে। তাই ধর্মীয় শিক্ষার পাশাপাশি সত্যবাদিতা, শৃঙ্খলা, মানবিকতা, দেশপ্রেম ও সামাজিক দায়বদ্ধতার শিক্ষা সন্তানদের মধ্যে ছোটবেলা থেকেই গড়ে তুলতে হবে।

বার্তার শেষাংশে তিনি বলেন, আজকের শিশুরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। একটি সুস্থ, সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সচেতন, দায়িত্বশীল ও মূল্যবোধসম্পন্ন অভিভাবকদের ভূমিকা অপরিসীম। তাই সন্তানদের আদর্শ মানুষ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সবাইকে আন্তরিকভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

সর্বশেষ