• ২০২৬ অগাস্ট ০৮, শনিবার, ১৪৩৩ শ্রাবণ ২৩
  • সর্বশেষ আপডেট : ০৫:০৮ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

বাড়িতে পর্ন ভিডিও তৈরির অভিযোগ: বেগমগঞ্জে চার তরুণী উদ্ধার, স্বামী-স্ত্রী ও দুই ছেলেসহ গ্রেপ্তার ৫

  • প্রকাশিত ০৫:০৮ পূর্বাহ্ন শনিবার, অগাস্ট ০৮, ২০২৬
বাড়িতে পর্ন ভিডিও তৈরির অভিযোগ: বেগমগঞ্জে চার তরুণী উদ্ধার, স্বামী-স্ত্রী ও দুই ছেলেসহ গ্রেপ্তার ৫
গ্রেপ্তারকৃত আসামি
সাজ্জাদ হোসেন

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে চার তরুণীকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় বাসার ভাড়াটিয়া, তার স্ত্রী, দুই ছেলে ও এক সহযোগীসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের দাবি, চাকরির প্রলোভন দেখিয়ে দেশের বিভিন্ন এলাকা থেকে তরুণীদের এনে বাসায় আটকে রাখা হতো। পরে তাদের জোরপূর্বক অনৈতিক কাজে বাধ্য করা এবং পর্নোগ্রাফিক ভিডিও তৈরি ও লাইভ সম্প্রচারে ব্যবহার করার অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার রাতে চৌমুহনী পৌরসভার কিসমত করিমপুর এলাকায় রাবেয়া হাসপাতালের পাশের একটি আবাসিক ভবনের দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে চার তরুণীকে উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কুমিল্লার হোমনা উপজেলার মো. সালাউদ্দিন বিপ্লব, তার স্ত্রী পারভীন আক্তার, দুই ছেলে ফাহাদ হাসান ও আরাফাত ইয়াসিন ফাহিম এবং তাদের সহযোগী আব্দুর রহিম। পুলিশ জানায়, তারা দীর্ঘদিন ধরে ওই বাসা ভাড়া নিয়ে সেখানে অবস্থান করছিলেন। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া তরুণীদের নীলফামারী, লক্ষ্মীপুর ও নোয়াখালীর হাতিয়া থেকে চাকরির প্রলোভন দেখিয়ে আনা হয়েছিল। তাদের মধ্যে একজন গোপনে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানালে পুলিশ অভিযান পরিচালনা করে।

অভিযানে ভিডিও তৈরিতে ব্যবহৃত একটি ক্যামেরা, ছয়টি মোবাইল ফোন, একটি চাবুক, একটি চাকু, একটি কাঁচি এবং নগদ ১ লাখ ৯৮ হাজার টাকা জব্দ করা হয়েছে।

এ ঘটনায় উদ্ধার হওয়া এক তরুণী ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মামলার এজাহারে তিনি অভিযোগ করেন, তাকে বিউটি পার্লারে চাকরির কথা বলে ওই বাসায় নেওয়া হয়। সেখানে গিয়ে আরও তিন তরুণীকে দেখতে পান। পরে তার মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় এবং জোরপূর্বক অনৈতিক কাজে বাধ্য করা হয়। প্রতিবাদ করলে তাদের মারধর করা হতো বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

বেগমগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান জানান, উদ্ধার হওয়া তরুণীদের আইনগত প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তিনি বলেন, ঘটনার বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বশেষ