• ২০২৬ অগাস্ট ০৯, রবিবার, ১৪৩৩ শ্রাবণ ২৫
  • সর্বশেষ আপডেট : ০৪:০৮ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

বগুড়ায় হবে ৪০০ একরের শিল্প পার্ক

  • প্রকাশিত ০৪:০৮ অপরাহ্ন রবিবার, অগাস্ট ০৯, ২০২৬
বগুড়ায় হবে ৪০০ একরের শিল্প পার্ক
Time Bangla news
বগুড়া প্রতিনিধি আবু নাঈম:

বগুড়ায় হবে ৪০০ একরের শিল্প পার্ক


বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত পরিচালনা পর্ষদের দায়িত্ব গ্রহণ উপলক্ষে শনিবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বগুড়ায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) ক্রমবর্ধমান চাহিদা বিবেচনায় সরকার প্রায় ৪০০ একর জমিতে নতুন শিল্প পার্ক স্থাপনের পরিকল্পনা করেছে এবং চলতি শীত মৌসুমেই এর উন্নয়নকাজ শুরুর উদ্যোগ নেওয়া হবে।

বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত পরিচালনা পর্ষদের দায়িত্ব গ্রহণ উপলক্ষে শনিবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এর আগে তিনি বগুড়া সদর উপজেলার ফাপোড় ইউনিয়নে প্রস্তাবিত শিল্প পার্কের স্থান পরিদর্শন করেন।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বগুড়া দেশের শিল্প ও অর্থনৈতিক বিকাশের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে ওঠার সম্ভাবনা রাখে। বিশেষ করে লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পে বগুড়ার বড় সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে শিল্পায়নের প্রয়োজনীয় অবকাঠামো ও সহায়ক পরিবেশ তৈরিতে সরকার কাজ করছে।

তিনি আরও বলেন, বগুড়ার বিদ্যমান বিসিক শিল্পনগরী ইতোমধ্যে পূর্ণ হয়ে গেছে। অন্যদিকে ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের নতুন শিল্প স্থাপনের চাহিদাও বাড়ছে। এ কারণে প্রায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্প পার্ক প্রতিষ্ঠার পরিকল্পনা নেওয়া হয়েছে। দ্রুত কাজ এগিয়ে নিয়ে চলতি শীত মৌসুমে এর প্রাথমিক কার্যক্রম শুরুর চেষ্টা করা হবে।

শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে উৎপাদনশীলতা বৃদ্ধি এবং অর্থায়নের ব্যয় কমানোর ওপর গুরুত্ব দেন খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, উচ্চ সুদে ঋণ নিয়ে শিল্প ও ব্যবসা পরিচালনা করা কঠিন। পণ্যের উৎপাদন খরচ কমিয়ে প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে হলে উৎপাদনশীলতা ও দক্ষতা বাড়ানোর পাশাপাশি অর্থায়নের খরচও কমাতে হবে।

শিল্প উদ্যোক্তাদের জন্য জ্বালানি ও বিদ্যুতের সহজলভ্যতা নিশ্চিত করার পাশাপাশি গ্যাস সংযোগ সহজ করা এবং কম খরচে অর্থায়নের সুযোগ তৈরিতে সরকার কাজ করছে বলেও জানান মন্ত্রী।

এ ছাড়াপ্রস্তাবিত শিল্প পার্কে শুধু অবকাঠামো নির্মাণ নয়, উদ্যোক্তাদের কারিগরি প্রশিক্ষণ, দক্ষ জনশক্তি তৈরি এবং শিল্প স্থাপনে প্রয়োজনীয় তথ্য ও কারিগরি সহায়তার ব্যবস্থা থাকবে বলেও জানান আব্দুল মুক্তাদির। সেই সঙ্গে শিল্প প্রকল্প স্থাপনকারী উদ্যোক্তারা সরকারের ক্রেডিট হোলসেলিং স্কিমের আওতায় তুলনামূলক কম সুদে ঋণ পাওয়ার সুযোগ পাবেন বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

অনুষ্ঠানে বগুড়া-৬ আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা, বগুড়া-৫ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মো. মোশাররফ হোসেন, বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টন, বগুড়া-৩ আসনের সংসদ সদস্য মো. আব্দুল মোহিত তালুকদার, জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান ও পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ উপস্থিত ছিলেন।

বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এম এস এম আতিকুর রহমান বাদল অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।

অনুষ্ঠানে চেম্বারের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়। ব্যবসায়ী সমাজের স্বার্থ সংরক্ষণ, সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও স্বচ্ছ করা এবং ব্যবসায়ীদের সেবার পরিধি বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

চেম্বারের নেতৃবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধি, সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সর্বশেষ