• ২০২৬ অগাস্ট ১২, বুধবার, ১৪৩৩ শ্রাবণ ২৭
  • সর্বশেষ আপডেট : ১২:০৮ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

শ্রমিক নেতা গ্রেপ্তারের প্রতিবাদে দিনাজপুরে বিক্ষোভ, বন্ধ যান চলাচল

  • প্রকাশিত ১২:০৮ পূর্বাহ্ন বুধবার, অগাস্ট ১২, ২০২৬
শ্রমিক নেতা গ্রেপ্তারের প্রতিবাদে দিনাজপুরে বিক্ষোভ, বন্ধ যান চলাচল
টাইম বাংলা নিউজ
মোয়াজ্জেম হোসেন, দিনাজপুর জেলা প্রতিনিধি

পরিবহন শ্রমিক নেতা মজিবুর রহমান মুজিবকে গ্রেপ্তার ও শারীরিক নির্যাতনের অভিযোগের প্রতিবাদে দিনাজপুরে সড়ক অবরোধ ও অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু করেছেন শ্রমিকরা। এতে জেলার বিভিন্ন রুটে যান চলাচল বন্ধ হয়ে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

মঙ্গলবার (১১ আগস্ট) সকাল থেকে দিনাজপুর শহরসহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়, বাসস্ট্যান্ড ও থানার সামনে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন শ্রমিকরা। দূরপাল্লার কোচসহ বিভিন্ন রুটের যানবাহন চলাচল বন্ধ থাকায় সড়কে আটকা পড়েন যাত্রীরা।

শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা গেছে, শহরের ফুলবাড়ী বাসস্ট্যান্ড, কলেজ মোড়, বালুয়াডাঙ্গা, বটতলী মোড়, সিএনবি মোড়সহ জেলার প্রায় ছয়টি গুরুত্বপূর্ণ প্রবেশমুখে যানবাহন রেখে সড়ক অবরোধ করা হয়। এতে এসব সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং দুই পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে।

শ্রমিক নেতাদের দাবি, গত রোববার রাতে দিনাজপুর কোতোয়ালি থানার ভেতরে সিআইডির এক পুলিশ ইন্সপেক্টরকে চড় মারার অভিযোগে মজিবুর রহমান মুজিবকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তবে গ্রেপ্তারের পর তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে বলেও অভিযোগ করেন শ্রমিক নেতারা।

দিনাজপুর বাস, শ্রমিক ও মোটর শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক আব্দুল কাইয়ুম বলেন, মজিবুর রহমান মুজিবকে গ্রেপ্তারের পাশাপাশি তাকে মারধরের অভিযোগেরও তদন্ত করতে হবে। একই সঙ্গে দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুন্নবীর অপসারণ দাবি করেন তারা।

তিনি বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার বিষয়ে শ্রমিক নেতাকর্মীদের মধ্যে আলোচনা চলছে।

এদিকে দিনাজপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হালিম বলেন, সাধারণ যাত্রীদের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা করা হচ্ছে। বিকেল সাড়ে ৩টায় তাদের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। শ্রমিকদের যৌক্তিক দাবিগুলো আলোচনার মাধ্যমে বিবেচনা করা হবে এবং দ্রুত একটি সমাধানে পৌঁছানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সর্বশেষ