• ২০২৬ অগাস্ট ২১, শুক্রবার, ১৪৩৩ ভাদ্র ৫
  • সর্বশেষ আপডেট : ১২:০৮ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

মেধার গুনাগুন ৬ বছরের পেশাজীবনে ৮৬১ কোটি টাকার বাড়ি কিনলেন তরুণ এআই গবেষক

  • প্রকাশিত ১২:০৮ পূর্বাহ্ন শুক্রবার, অগাস্ট ২১, ২০২৬
মেধার গুনাগুন ৬ বছরের পেশাজীবনে ৮৬১ কোটি টাকার বাড়ি কিনলেন তরুণ এআই গবেষক
Time Bangla news
মোশারফ হোসেন লিটন, বিশেষ প্রতিনিধি, টাইম বাংলা নিউজ ঢাকা

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে গবেষণায় পেশাজীবন শুরুর মাত্র ছয় বছরের মধ্যে বিপুল সাফল্য পেয়েছেন টনি ইউহুয়াই উ। চীনে জন্ম নেওয়া এই এআই গবেষক যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সাত কোটি মার্কিন ডলার বা প্রায় ৮৬১ কোটি টাকায় (প্রতি ডলারের বিনিময় মূল্য ১২৩ টাকা ধরে) একটি বিলাসবহুল বাড়ি কিনেছেন। সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, সিলিকন ভ্যালির কাছে ক্যালিফোর্নিয়ার হিলসবোরো এলাকায় ‘ভিলা দে ভেরানো’ নামের বাড়িটি কিনেছেন উ। চলতি বছর ক্যালিফোর্নিয়ায় বিক্রি হওয়া সবচেয়ে দামি বাড়িগুলোর মধ্যে এ বাড়িটি অন্যতম। তবে বাড়িটি কেনার বিষয়ে উ নিজে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

যুক্তরাষ্ট্রে বিপুল অর্থের বিনিময়ে বাড়ি কেনার খবর চীনের সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতেও বেশ আলোচনা তৈরি করেছে। ১২ একর জমির ওপর নির্মিত বাড়িটিতে রয়েছে ছয়টি শয়নকক্ষ। তবে শুধু বাড়ির আকার নয়, এর বিলাসবহুল সুযোগ-সুবিধাও বেশ আকর্ষণীয়। বাড়িটিতে নয় গর্তের একটি গলফ কোর্স, ১৫০ আসনের উন্মুক্ত অ্যাম্ফিথিয়েটার এবং ২ হাজার ১০০ গ্যালন ধারণক্ষমতার লবণাক্ত পানির অ্যাকুয়ারিয়াম রয়েছে। এসব সুবিধার কারণে বাড়িটিকে সাধারণ বিলাসবহুল আবাসনের চেয়ে অনেকটা ব্যক্তিগত অবকাশকেন্দ্রের সঙ্গে তুলনা করা হচ্ছে।

গণিত ও মেশিন লার্নিংয়ে পড়াশোনার মাধ্যমে এআই গবেষণার ভিত্তি তৈরি করেন টনি ইউহুয়াই উ। ২০১৫ সালে কানাডার ইউনিভার্সিটি অব নিউ ব্রান্সউইক থেকে গণিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি। এরপর ইউনিভার্সিটি অব টরন্টোতে মেশিন লার্নিং বিষয়ে পিএইচডি করেন। পড়াশোনা শেষ করার আগেই বিশ্বের শীর্ষস্থানীয় এআই গবেষণাপ্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা অর্জন করেন উ। ওপেনএআই ও গুগলের ডিপমাইন্ডে ইন্টার্নশিপও করেন তিনি। এরপর ২০২১ সালে গুগলে গবেষক হিসেবে যোগ দেন।

২০২৩ সালে ইলন মাস্কের প্রতিষ্ঠিত এক্সএআইয়ের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে যোগ দেন উ। উন্নত এআই ব্যবস্থা তৈরির লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটিতে তিনি চ্যাটবট গ্রক তৈরির কাজে যুক্ত হন। সেখানে এআইকে গণিত এবং যুক্তি দিয়ে চিন্তা করতে শেখানোর কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। ২০২৫ সালে গ্রক ৩–এর সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে ইলন মাস্কের পাশেই ছিলেন উ। তবে চলতি বছরের ফেব্রুয়ারিতে এক্সএআই ছাড়েন তিনি। এক্সএআই ছাড়ার ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে উ লিখেছিলেন, ‘এবার আমার পরবর্তী অধ্যায়ে যাওয়ার সময়। সম্ভাবনায় ভরা এই যুগে এআইকে কাজে লাগানো একটি ছোট দলও বিশাল পরিবর্তন আনতে পারে এবং সম্ভাবনার সংজ্ঞা নতুন করে লিখতে পারে। টাইম বাংলা নিউজ, নিউজটি সংগ্রহ করা হয়েছে ইন্ডিয়া টুডে থেকে, নিউজ করেছেন চিফ এডিটর ও বিশেষ প্রতিনিধি মোশারফ হোসেন লিটন ঢাকা |

সর্বশেষ