ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমাতে লবণাক্ত পানি শোধনের উদ্যোগ
ভূগর্ভস্থ পানির ওপর ক্রমবর্ধমান নির্ভরতা কমাতে লবণাক্ত পানি শোধন করে ব্যবহারের উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উদ্যোগের সম্ভাব্যতা যাচাইয়ে চাঁদপুরের নদীর মোহনা ও উপকূলীয় মোংলায় ফিজিবিলিটি স্টাডি করার নির্দেশনাও দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ডেনমার্কের রাষ্ট্রদূতের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম সাংবাদিকদের এসব তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, ঢাকার পানির বড় একটি অংশ ভূগর্ভস্থ উৎস থেকে সংগ্রহ করা হচ্ছে। বর্তমানে নগরীর প্রায় ৭৪ শতাংশ পানি ভূগর্ভ থেকে উত্তোলন করা হয়, যা দীর্ঘমেয়াদে পরিবেশ ও পানির স্তরের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। এ কারণে বিকল্প উৎস থেকে পানি সংগ্রহের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি জানান, গ্যাস সরবরাহের মতো পাইপলাইন নেটওয়ার্কের মাধ্যমে পরিশোধিত পানি দেশের বিভিন্ন এলাকায় পৌঁছে দেওয়ার পরিকল্পনাও রয়েছে। এর অংশ হিসেবে লবণাক্ত পানি শোধনের সম্ভাব্যতা যাচাই করা হবে।
এদিকে ঢাকার পানির চাহিদা পূরণে মেঘনা নদী থেকে পানি সরবরাহের জন্য প্রায় ১৬ হাজার কোটি টাকা ব্যয়ে ‘সায়েদাবাদ প্রকল্প’ বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পটি চালু হলে প্রতিদিন প্রায় ৯৫ কোটি লিটার পানি ঢাকায় সরবরাহ করা সম্ভব হবে বলে জানান প্রতিমন্ত্রী।
প্রকল্পটিতে ডেনমার্ক সরকারের পক্ষ থেকে প্রায় ৪ হাজার ৫০০ কোটি টাকা সহায়তা দেওয়ার কথা রয়েছে। পাশাপাশি রোহিঙ্গা ক্যাম্পে পানি শোধনাগার স্থাপনের জন্যও ডেনমার্ক সরকার প্রায় ১০০ কোটি টাকা সহায়তা দিচ্ছে বলে জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।
মতামত দিন