ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে প্রাণ গেল প্রধান শিক্ষিকার
রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে রনজিনা পারভীন (৫৫) নামে এক প্রধান শিক্ষিকার মৃত্যু হয়েছে। তিনি বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন।
শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চোখের চিকিৎসার জন্য রনজিনা পারভীন শুক্রবার রাতে বগুড়া থেকে ঢাকায় আসেন। শনিবার ভোরে গাবতলী বাস টার্মিনালে পৌঁছে রিকশায় করে ফার্মগেটের ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালে যাচ্ছিলেন তিনি।
রিকশাটি সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে পৌঁছালে একটি মোটরসাইকেলে থাকা ছিনতাইকারীরা পেছন দিক থেকে তাঁর ব্যাগ ধরে টান দেয়। আকস্মিক টানে ভারসাম্য হারিয়ে রিকশা থেকে সড়কে পড়ে যান রনজিনা। এতে তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে এবং মাথা ফেটে যায়।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার বিষয়ে ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান জানান, ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল ও ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মতামত দিন