• ২০২৬ সেপ্টেম্বর ০৪, শুক্রবার, ১৪৩৩ ভাদ্র ১৯
  • সর্বশেষ আপডেট : ১২:০৯ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইডিবির ১ বিলিয়ন ডলার*

  • প্রকাশিত ১২:০৯ পূর্বাহ্ন শুক্রবার, সেপ্টেম্বর ০৪, ২০২৬
ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইডিবির ১ বিলিয়ন ডলার*
Time Bangla news
ফজলে এলাহী সুমন | সাভার প্রতিনিধি | টাইম বাংলা নিউজ

*ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইডিবির ১ বিলিয়ন ডলার* 


বাড়বে বছরে ৩০ লাখ টন তেল পরিশোধন সক্ষমতা • চাহিদার ৪৫–৫০ শতাংশ পূরণের লক্ষ্য • প্রকল্প শেষ হবে ২০৩০ সালের নভেম্বরে


দেশের জ্বালানি নিরাপত্তা শক্তিশালী করতে ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়ন ও সম্প্রসারণে প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি)। এই অর্থায়নে রিফাইনারিটির অপরিশোধিত জ্বালানি তেল পরিশোধনের সক্ষমতা বছরে আরও ৩০ লাখ মেট্রিক টন বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

‘মডার্নাইজেশন অ্যান্ড এক্সপ্যানশন অব ইস্টার্ন রিফাইনারি ইন বাংলাদেশ’ প্রকল্পে অর্থায়নের জন্য বৃহস্পতিবার বাংলাদেশ সরকার ও আইডিবির মধ্যে চুক্তি সই হয়েছে।

চুক্তিতে বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ মিজানুর রহমান এবং আইডিবির কান্ট্রি প্রোগ্রামস বিভাগের মহাপরিচালক আনাস আইসামি স্বাক্ষর করেন। চুক্তি সই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক গ্রুপের চেয়ারম্যান ড. মুহাম্মদ আল জাসের উপস্থিত ছিলেন।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীনে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) প্রকল্পটি বাস্তবায়ন করবে। প্রকল্পের জন্য আইডিবি ১ হাজার ৪ দশমিক ২৯ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করছে। পরিকল্পনা অনুযায়ী ২০৩০ সালের নভেম্বরের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

 *কমবে আমদানিনির্ভরতা* 

ইস্টার্ন রিফাইনারির সক্ষমতা বাড়ানোর এ উদ্যোগকে দেশের জ্বালানি খাতের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের পেট্রোলিয়ামজাত পণ্যের মোট চাহিদার প্রায় ৪৫ থেকে ৫০ শতাংশ পূরণ করা সম্ভব হবে।

ফলে পরিশোধিত জ্বালানি তেল আমদানির ওপর নির্ভরতা কমানোর পাশাপাশি বৈদেশিক মুদ্রার ওপর চাপ কমানো এবং জ্বালানি সরবরাহ ব্যবস্থায় স্থিতিশীলতা আনার সুযোগ তৈরি হবে।

বর্তমানে দেশের শিল্প, পরিবহন, বিদ্যুৎ উৎপাদন ও অন্যান্য খাতে জ্বালানি তেলের চাহিদা পূরণে আমদানির ওপর বড় ধরনের নির্ভরতা রয়েছে। ইস্টার্ন রিফাইনারির সক্ষমতা বৃদ্ধির ফলে অভ্যন্তরীণভাবে পরিশোধিত জ্বালানি সরবরাহ বাড়ানোর সুযোগ তৈরি হবে।

 *আইডিবির সঙ্গে সহযোগিতা বাড়ানোর আলোচনা* 

চুক্তি সই অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরসহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রবাসী কল্যাণ এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা মাহদী আমিন, প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তানভীর গনি, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে চুক্তি সইয়ের পর সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে আইডিবি গ্রুপের চেয়ারম্যান ড. মুহাম্মদ আল জাসেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৈঠকে বাংলাদেশ ও আইডিবির দীর্ঘদিনের উন্নয়ন অংশীদারত্ব, দেশের অর্থনৈতিক উন্নয়ন, বিনিয়োগ ও অবকাঠামো খাতে সহযোগিতা সম্প্রসারণসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

আগামী দিনে বাংলাদেশ ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের মধ্যে উন্নয়ন সহযোগিতা ও অংশীদারত্ব আরও বিস্তৃত ও শক্তিশালী হবে বলে বৈঠকে আশাবাদ ব্যক্ত করা হয়।

সর্বশেষ