*দক্ষিণাঞ্চল সফরে প্রধানমন্ত্রী, মোংলা থেকে যাবেন খুলনায়।*
বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সকাল ৯টা ৫০ মিনিটে তাঁকে বহনকারী হেলিকপ্টার মোংলা বন্দরের হেলিপ্যাডে অবতরণ করে। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন।
মোংলায় পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামানসহ সরকারের কয়েকজন প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্যরা।
উপ-প্রেস সচিব জানান, মোংলায় প্রধানমন্ত্রীর দুটি কর্মসূচি রয়েছে। সেগুলো শেষ করে তিনি বাগেরহাট জেলা সদরে হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। পরে সড়কপথে যাবেন খুলনায়।
খুলনা জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। কর্মসূচি শেষে বিকেল সাড়ে ৪টায় হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তাঁর। বিকেল ৫টা ১৫ মিনিটে তেজগাঁও বিমানবন্দরে পৌঁছানোর সূচি রয়েছে।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তারসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা।
মতামত দিন