• ২০২৬ সেপ্টেম্বর ১৭, বৃহস্পতিবার, ১৪৩৩ আশ্বিন ২
  • সর্বশেষ আপডেট : ০২:০৯ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়া নিয়ে সুখবর দিল রাশিয়া

  • প্রকাশিত ০২:০৯ অপরাহ্ন বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়া নিয়ে সুখবর দিল রাশিয়া
Time Bangla news
মো: মিজানুর রহমান।কুমিল্লা জেলা চিফ প্রতিনিধি। টাইম বাংলা নিউজ


রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়া নিয়ে সুখবর দিল রাশিয়া

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, রাত ৯:৫৭ | 

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে আগামী মাসের মধ্যে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের লক্ষ্য নিয়ে কাজ এগিয়ে চলছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্দার খোজিন।

বুধবার গুলশানে এফবিসিসিআইয়ের কার্যালয়ে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনটির প্রশাসক ফজলুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা জানান। পরে এফবিসিসিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৈঠকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের অগ্রগতি নিয়েও আলোচনা হয়। প্রকল্পের কারিগরি বিষয়গুলো দ্রুত সমাধানের লক্ষ্যে প্রায় চার হাজার রাশিয়ান বিশেষজ্ঞ ও প্রকৌশলী কাজ করছেন বলে জানান রুশ রাষ্ট্রদূত।

আলেক্সান্দার খোজিন বলেন, বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করতে যৌথ ‘রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিল’ গঠনে আগ্রহ দেখিয়েছে মস্কো চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। পাশাপাশি মস্কোতে রাশিয়া-বাংলাদেশ বিজনেস ফোরাম আয়োজনের পরিকল্পনাও রয়েছে।

রাষ্ট্রদূত জানান, নভেম্বরের শুরুতে ঢাকায় অনুষ্ঠেয় আন্তসরকার কমিশনের বৈঠকে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

তিনি বলেন, দুই দেশের উদ্যোক্তাদের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়াতে মস্কোতে ওই ব্যবসায়িক ফোরাম আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। ফোরামে বাংলাদেশ থেকে অংশগ্রহণকারী ব্যবসায়ীদের ব্যবসায়িক প্রোফাইলের ভিত্তিতে সরাসরি বিটুবি বৈঠকসহ বিভিন্ন সেশনের আয়োজন করা হবে।

বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়াতে তৈরি পোশাকের পাশাপাশি নতুন ও সম্ভাবনাময় খাতগুলোতে নজর দেওয়ার আহ্বান জানান এফবিসিসিআইয়ের প্রশাসক ফজলুল হক। তিনি ওষুধ, চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, সিরামিক এবং রাশিয়ায় মানবসম্পদ রপ্তানির ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলেন।

বাংলাদেশ থেকে জেনেরিক ওষুধ আমদানির বিষয়ে রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় ইতোমধ্যে প্রক্রিয়াগত ও আইনি বিষয়গুলো পর্যালোচনা করছে বলেও জানান আলেক্সান্দার খোজিন। এ ছাড়া রাশিয়ার তীব্র শীতের উপযোগী ভারী জুতা ও চামড়াজাত পণ্যেরও দেশটিতে ভালো চাহিদা রয়েছে বলে জানান তিনি।

কৃষি, মৎস্য, জাহাজ নির্মাণ শিল্প ও সেবা খাতে কাজের সুযোগ তৈরি হওয়ায় সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়া প্রায় তিন হাজার বাংলাদেশি কর্মীকে ভিসা দিয়েছে বলেও বৈঠকে জানান রুশ রাষ্ট্রদূত।

সর্বশেষ