৩০ বছর পর ঘরে আসা শিশুকে কুপিয়ে হত্যায় মা গ্রেফতার। বাবার বুকফাটা আর্তনাদ।
টাঙ্গাইলের সখীপুরে পারিবারিক কলহের জেরে সাড়ে ৩ বছরের এক শিশুকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে। মর্মান্তিক এ ঘটনায় নিহত শিশুর স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। দীর্ঘ ৩০ বছর পর সন্তান লাভ করা বাবার আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার খালিয়ার বাইদ (মুজিবনগর মোড়) এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম আশরাফুল। এ ঘটনায় আরেক শিশুও গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আকলিমা বেগম ওই এলাকার শাহীন মিয়ার দ্বিতীয় স্ত্রী। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল। বিশেষ করে শাহীন মিয়ার প্রথম স্ত্রীর কাছে সন্তান আশরাফুলকে রাখাকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। এরই একপর্যায়ে সাড়ে ৩ বছরের শিশুটিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ উঠেছে।
ঘটনার পরপরই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে সখীপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত মা আকলিমা বেগমকে গ্রেপ্তার করে এবং শিশুটির মরদেহ উদ্ধার করে।
সন্তান হারিয়ে শোকে ভেঙে পড়েছেন বাবা শাহীন। স্বজনদের সামনে তাঁর কান্না ও আহাজারিতে তৈরি হয়েছে এক হৃদয়বিদারক পরিস্থিতি। দীর্ঘ অপেক্ষার পর ঘরে আসা একমাত্র সন্তানকে এভাবে হারানোর বেদনা কোনোভাবেই মেনে নিতে পারছেন না তিনি।
এদিকে আহত শিশুটিকে গুরুতর অবস্থায় চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ ও পারিবারিক বিরোধের বিস্তারিত বিষয় তদন্ত করে দেখা হচ্ছে। মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
মতামত দিন