• ২০২৬ নভেম্বর ০৩, মঙ্গলবার, ১৪৩৩ কার্তিক ১৯
  • সর্বশেষ আপডেট : ০৮:১১ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

শিল্পে অস্থিরতা সৃষ্টির চেষ্টা, কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর।

  • প্রকাশিত ০৯:১১ অপরাহ্ন মঙ্গলবার, নভেম্বর ০৩, ২০২৬
শিল্পে অস্থিরতা সৃষ্টির চেষ্টা, কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর।
Time Bangla news
ফজলে এলাহী সুমন | সাভার প্রতিনিধি | টাইম বাংলা নিউজ।

*শিল্পে অস্থিরতা সৃষ্টির চেষ্টা, কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর।* 

তৈরি পোশাকশিল্পে চলমান শ্রমিক অসন্তোষ ও অস্থিরতা নিরসনে শ্রমিকদের ন্যায্য দাবি পূরণের উদ্যোগ নেওয়ার পাশাপাশি শিল্পকারখানায় বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে। তবে কোনো মহল রাজনৈতিক স্বার্থে শ্রমিকদের ব্যবহার করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করলে তা বরদাশত করা হবে না।

মঙ্গলবার (৪ নভেম্বর) সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সারাদেশের চিংড়ি ঘেরসংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে ইতোমধ্যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে এবং এর কার্যক্রমও শুরু হয়েছে। শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে আলোচনা এবং দর-কষাকষির ভিত্তিতে নতুন মজুরি নির্ধারণ করা হবে। এ ক্ষেত্রে শ্রমিকদের জীবনমান উন্নয়নের বিষয়টি গুরুত্ব পাবে।

তিনি বলেন, গার্মেন্টস ও বিকেএমইএ-সংশ্লিষ্ট শ্রমিক সংগঠনগুলোর অধিকাংশ নেতার সঙ্গে সরকারের আলোচনা হয়েছে। মালিকপক্ষের সঙ্গেও কথা বলা হয়েছে। আলোচনায় সংশ্লিষ্ট পক্ষগুলো সন্তুষ্টি প্রকাশ করেছে। ফলে দাবি-দাওয়া নিয়ে আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোলা রয়েছে।

কারখানা বন্ধ ও শ্রমিকদের সড়কে অবস্থানের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যেসব কারখানা বন্ধ রয়েছে, সেগুলো দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হবে। তবে কোনো ব্যক্তি বা গোষ্ঠী হামলা, উসকানি কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি করে উৎপাদন কার্যক্রম ব্যাহত করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সাম্প্রতিক শ্রমিক অসন্তোষের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে বলেও মন্তব্য করেন তিনি। তাঁর দাবি, কোনো কোনো মহল শ্রমিকদের আবেগ ও অসন্তোষকে কাজে লাগিয়ে নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা করছে। এ ধরনের অপতৎপরতা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানো হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং শিল্পকারখানার উৎপাদন স্বাভাবিক রাখা—দুটিই সরকারের অগ্রাধিকার। শ্রমিকদের দাবি পূরণে যখন আলোচনা ও সমাধানের প্রক্রিয়া চলমান, তখন শিল্প খাতে অস্থিরতা সৃষ্টি কিংবা উৎপাদন ব্যাহত করার কোনো যৌক্তিকতা নেই।

তিনি বলেন, শ্রমিকদের স্বার্থ রক্ষায় সরকার যেমন আন্তরিক, তেমনি শিল্প খাতে নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ