দিনাজপুরের নবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বাড়াতে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। শনিবার (১০ অক্টোবর) উপজেলা প্রশাসনের উদ্যোগে ২ নম্বর বিনোদনগর ইউনিয়ন ভূমি অফিস ও উপজেলা পরিষদ চত্বরসহ বিভিন্ন স্থানে এ কর্মসূচি পালন করা হয়।
অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফ উদ্দিন নিজ হাতে ঝাড়ু নিয়ে সড়ক ও আশপাশের এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। তাঁর নেতৃত্বে ইউনিয়ন ভূমি অফিসসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে একযোগে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়। এ সময় এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফ উদ্দিন বলেন, ডেঙ্গুর ঝুঁকি কমাতে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা জরুরি। কোথাও যেন ময়লা-আবর্জনা ও পানি জমে না থাকে, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। পাশাপাশি মশার প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংস করতে হবে। এ জন্য তিনি উপজেলার সর্বস্তরের মানুষকে নিজেদের বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানান।
পরিচ্ছন্নতা অভিযানে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকও অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন ২ নম্বর বিনোদনগর ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা মোছা. মরিয়ম বেগম, উপজেলা ভূমি অফিসের নাজির কাম-ক্যাশিয়ার মো. আতিউর রহমান এবং মিউটেশন কাম-সার্টিফিকেট সহকারী মো. মোসাদ্দেক হোসেন। এছাড়া নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. আনিছুর রহমানসহ ভূমি অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা কর্মসূচিতে অংশ নেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে উপজেলার বিভিন্ন এলাকায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
মতামত দিন