হাসপাতালে রোগীর মৃত্যু হলে চিকিৎসার বিল মওকুফের আইন প্রণয়নের দাবি সাংবাদিক তাজিদুল ইসলামের
মানবকল্যাণ ফাউন্ডেশনের কেন্দ্রীয় নেতারাও জানালেন, মানবিক দৃষ্টিকোণ থেকে উদ্যোগটি বাস্তবায়ন জরুরি
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কোনো রোগীর মৃত্যু হলে শোকাহত পরিবারের চিকিৎসার বিল মওকুফের জন্য আইন প্রণয়নের দাবি জানিয়েছেন সাংবাদিক তাজিদুল ইসলাম। তিনি আন্তর্জাতিক স্যাটেলাইট টেলিভিশন এনটিভির ছাতক প্রতিনিধি, টাইম বাংলা নিউজের প্রতিনিধি, মানবকল্যাণ ফাউন্ডেশন চরমহল্লা ইউনিয়নের সভাপতি, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ছাতক উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক এবং সুনামগঞ্জ জেলা ছাত্র সমিতির সহ-সভাপতি।
এ দাবির প্রতি সমর্থন জানিয়ে মানবকল্যাণ ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির দায়িত্বশীল আলী হোসেন বলেন, “এই উদ্যোগটি বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি বলে মনে করছি।”
ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মিজানুর রহমান হাছনু বলেন, “হাসপাতালে কোনো রোগীর মৃত্যু হলে তাঁর আত্মীয়স্বজন মানসিকভাবে ভেঙে পড়েন। এমন পরিস্থিতিতে চিকিৎসার বিল পরিশোধ করতে গিয়ে তাঁদের মারাত্মক ভোগান্তিতে পড়তে হয়।”
কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাজিদুর রহমান বলেন, “মৃত ব্যক্তির পরিবারের কাছ থেকে লাশের জন্য অতিরিক্ত সার্ভিস চার্জও দিতে হয়। এ সময় হাসপাতাল থেকে কোনো ধরনের ছাড় দেওয়া হয় না।”
সংশ্লিষ্টদের মতে, প্রিয়জনকে হারানোর শোকের মুহূর্তে পরিবারের ওপর আর্থিক চাপ কমাতে মানবিক বিবেচনায় কার্যকর নীতিমালা ও আইন প্রণয়ন করা প্রয়োজন। এতে অসহায় পরিবারগুলো কিছুটা আর্থিক স্বস্তি পেতে পারে।
দাবি সংশ্লিষ্টদের: রোগীর মৃত্যু হলে চিকিৎসার বিল মওকুফ বা যৌক্তিক ছাড়ের বিষয়ে কার্যকর আইন ও নীতিমালা প্রণয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগ নেওয়া উচিত।
মতামত দিন