• ২০২৬ নভেম্বর ০৯, সোমবার, ১৪৩৩ কার্তিক ২৫
  • সর্বশেষ আপডেট : ০১:১১ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

বিজিবির হস্তক্ষেপে স্থগিত ভারতের বাঁধের কাজ, ভাঙন আতঙ্কে সীমান্তের মানুষ।*

  • প্রকাশিত ০১:১১ অপরাহ্ন সোমবার, নভেম্বর ০৯, ২০২৬
বিজিবির হস্তক্ষেপে স্থগিত ভারতের বাঁধের কাজ, ভাঙন আতঙ্কে সীমান্তের মানুষ।*
Time Bangla news
ফজলে এলাহী সুমন | সাভার প্রতিনিধি | টাইম বাংলা নিউজ।

*বিজিবির হস্তক্ষেপে স্থগিত ভারতের বাঁধের কাজ, ভাঙন আতঙ্কে সীমান্তের মানুষ।* 

ফেনীর পরশুরাম সীমান্তসংলগ্ন কহুয়া নদীর ভারতীয় অংশে সিসি ব্লক স্থাপনের কাজ আপাতত বন্ধ রেখেছে ভারত। বাংলাদেশের সীমান্তবর্তী বাঁধ ও জনবসতিতে ভাঙনের ঝুঁকির বিষয়টি সামনে আসার পর বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হস্তক্ষেপে কাজটি স্থগিত করা হয়। একই সঙ্গে নদীর বাংলাদেশ অংশের বাঁধের অবস্থা পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও উপজেলা প্রশাসন।

শনিবার (৭ নভেম্বর) পরশুরাম পৌরসভার উত্তর কোলাপাড়া এলাকায় নদীর বাঁধ পরিদর্শন করেন পাউবো ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। এ সময় বাঁধের বর্তমান অবস্থা এবং ভারতীয় অংশে ব্লক স্থাপনের সম্ভাব্য প্রভাব নিয়ে আলোচনা হয়।

বিজিবির ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল ইসলাম জানান, সীমান্তসংলগ্ন এলাকায় এ ধরনের কাজ শুরুর আগে ভারতীয় কর্তৃপক্ষের বিজিবিকে অবহিত করার কথা ছিল। বিষয়টি জানার পর বিজিবির পক্ষ থেকে যোগাযোগ করে কাজ বন্ধ রাখার অনুরোধ জানানো হয়েছে। বর্তমানে কাজটি স্থগিত রয়েছে।

পাউবো ফেনীর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, সরেজমিন পরিদর্শনে ভারতীয় অংশে ব্লক স্থাপনের বিষয়টি সম্পর্কে জানা গেছে। সেখানে ব্লক বসানো হলে বাংলাদেশের অংশের বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। বিষয়টি নিয়ে বিজিবি অধিনায়কের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতনু বড়ুয়া জানান, বাংলাদেশের অংশে ক্ষয়ক্ষতি হওয়ার আগেই প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া জরুরি। বাঁধকে ভাঙনের ঝুঁকি থেকে রক্ষা করতে কী ধরনের উদ্যোগ নেওয়া যায়, তা নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা চলছে।

স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, নদীর বাংলাদেশ অংশের বাঁধ যথাযথভাবে সুরক্ষিত করা না হলে উত্তর কোলাপাড়া, দক্ষিণ কোলাপাড়া, বাসপদুয়া ও পরশুরাম বাজারসহ আশপাশের বিস্তীর্ণ এলাকা বন্যা ও নদীভাঙনের ঝুঁকিতে পড়তে পারে।

উল্লেখ্য, গত শুক্রবার (৬ নভেম্বর) কহুয়া নদীর ভারতীয় অংশে বাঁধের বিভিন্ন স্থানে সিসি ব্লক বসানোর কাজ শুরু হয়। বিষয়টি জানাজানি হওয়ার পর সীমান্তের বাংলাদেশ অংশের বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। বিশেষ করে কোলাপাড়া এলাকার মানুষ বাঁধের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিজিবি, পাউবো ও উপজেলা প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে।

সর্বশেষ