বাড়িতে অগ্নিসংযোগের মামলায় যাদের নাম উল্লেখ করলেন নুসরাত
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ১১:২০ এএম
কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে অগ্নিসংযোগ ও বিস্ফোরণের মাধ্যমে পরিবারের সদস্যদের হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে দৌলতপুর থানায় নিজেই বাদী হয়ে মামলাটি করেন সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। মামলায় আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করেছেন তিনি।
উল্লেখ আটজন হলো, কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি মীর আহসানুল ইসলাম অভি ও সাধারণ সম্পাদক পান্থ শাহারিয়ার অর্পন, দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আশিক শিকদার ও যুগ্ম আহবায়ক মো. রিদয়, কুষ্টিয়া জেলা আওয়ামী যুবলীগের সভাপতি মীর সাইফুল ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. মমিনুর রহমান মহন এবং সাধারণ সম্পাদক শরিফুল ইসলামকে আসামি করা হয়েছে।
এর আগে, বুধবার রাত দেড়টার দিকে দৌলতপুর উপজেলার বাগুয়ান গ্রামে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে বাড়ির আটটি কক্ষের মধ্যে পাঁচটি পুড়ে যায়। এ সময় দুটি ছাগলও পুড়ে মারা যায় বলে জানা গেছে।
বাড়িতে আগুনের ঘটনায় ৮ জনের নামে মামলা দিলেন এমপি নুসরাত
এ ঘটনায় পরিবারের সদস্যদের প্রাণনাশের আশঙ্কা তৈরি হয় বলে অভিযোগ করেছেন সংসদ সদস্য।
এদিকে, বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ।
মতামত দিন