• ২০২৬ নভেম্বর ১৪, শনিবার, ১৪৩৩ কার্তিক ৩০
  • সর্বশেষ আপডেট : ১০:১১ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

উত্তর সিটির ১২ এলাকায় হচ্ছে আধুনিক ফুটসাল মাঠ।*

  • প্রকাশিত ১০:১১ অপরাহ্ন শনিবার, নভেম্বর ১৪, ২০২৬
উত্তর সিটির ১২ এলাকায় হচ্ছে আধুনিক ফুটসাল মাঠ।*
Time Bangla news
ফজলে এলাহী সুমন | সাভার প্রতিনিধি | টাইম বাংলা ।

*উত্তর সিটির ১২ এলাকায় হচ্ছে আধুনিক ফুটসাল মাঠ।* 


 *উপশিরোনাম:* 

৫১ কোটি টাকার প্রকল্প প্রস্তাব মন্ত্রণালয়ে; সাত মাঠে গ্যালারি, ছয়টিতে শৌচাগার।

নগরজীবনে খেলাধুলার সুযোগ বাড়াতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১২টি এলাকায় আধুনিক ফুটসাল মাঠ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ জন্য প্রায় ৫১ কোটি টাকা ব্যয়ে একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠিয়েছে সংস্থাটি। প্রস্তাব অনুযায়ী, সাতটি মাঠে দর্শকদের বসার জন্য গ্যালারি এবং চারটিতে শৌচাগার নির্মাণ করা হবে।

ডিএনসিসির প্রকৌশল বিভাগের কর্মকর্তারা জানান, মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর মাঠ নির্মাণের পরবর্তী কার্যক্রম শুরু হবে। তবে চূড়ান্ত অনুমোদনের আগে প্রয়োজন অনুযায়ী মাঠ নির্মাণের স্থান পরিবর্তন হতে পারে। প্রথম পর্যায়ে ১২টি মাঠ নির্মাণের পর সেগুলোর ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে অন্য এলাকাতেও এ ধরনের মাঠ তৈরির পরিকল্পনা রয়েছে।

এদিকে মিরপুরের কালশী উড়ালসড়কের নিচের অব্যবহৃত জায়গায়ও একটি ফুটসাল মাঠ নির্মাণের উদ্যোগ নিয়েছে ডিএনসিসি। সংস্থাটির নিজস্ব অর্থায়নে মাঠটি নির্মাণ করা হবে। এ জন্য দরপত্র আহ্বানের প্রক্রিয়া চলছে।

 *তিন ধরনের মাঠ* 

ডিএনসিসির পরিকল্পনা অনুযায়ী, সুযোগ-সুবিধার ভিত্তিতে তিন শ্রেণিতে ফুটসাল মাঠ নির্মাণ করা হবে। টাইপ-এ মাঠে খেলার জায়গার পাশাপাশি দর্শকদের জন্য গ্যালারি থাকবে। টাইপ-বি মাঠে থাকবে শৌচাগার, তবে গ্যালারি থাকবে না। আর টাইপ-সি মাঠে শুধু খেলার ব্যবস্থা রাখা হবে।

প্রস্তাবিত ১২টি মাঠের মধ্যে সাতটি টাইপ-এ, চারটি টাইপ-বি এবং একটি টাইপ-সি শ্রেণির।

টাইপ-এ শ্রেণির মাঠ নির্মাণের প্রস্তাব রয়েছে মিরপুরের সেকশন-১২-এর কেন্দ্রীয় ঈদগাহ ও খেলার মাঠ (লাল মাঠ), বাড্ডা ও পলাশিয়ার খেলার মাঠ, বারিধারা পার্ক, বনানীর ব্লক-সি পার্ক, মোহাম্মদপুরের শ্যামলী পার্ক এবং রায়েরবাজারের বৈশাখী খেলার মাঠে। এসব মাঠের মধ্যে বাড্ডা ও পলাশিয়ায় শৌচাগার ব্লকও নির্মাণের প্রস্তাব রয়েছে।

টাইপ-বি শ্রেণির মাঠ হবে বড়বেরাইদ, গোবিন্দপুর এবং দক্ষিণখানের ৪৮ ও ৪৯ নম্বর ওয়ার্ডের দুটি খেলার মাঠে। এসব জায়গায় ফুটসাল খেলার পাশাপাশি শৌচাগারের সুবিধা থাকবে। অন্যদিকে পল্লবীর ইস্টার্ন হাউজিং দ্বিতীয় পর্বের জহুরুল হক খেলার মাঠে নির্মাণ করা হবে টাইপ-সি শ্রেণির মাঠ।

ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, সরকারের অঙ্গীকার অনুযায়ী নগরীর অব্যবহৃত জায়গাগুলো খেলাধুলার জন্য উন্মুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে সিটি করপোরেশনের নিজস্ব মাঠগুলোর মধ্যে প্রাথমিকভাবে ১২টিতে ফুটসাল নির্মাণের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, প্রতিটি ওয়ার্ডে অন্তত একটি ফুটসাল মাঠ নির্মাণের পরিকল্পনা রয়েছে। তবে প্রথম পর্যায়ে ১২টি মাঠ তৈরি করা হবে। এগুলোর রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা পর্যবেক্ষণের পর অন্য ওয়ার্ডগুলোতে মাঠ নির্মাণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

 *সবার জন্য উন্মুক্ত রাখার তাগিদ* 

নগর-পরিকল্পনাবিদ অধ্যাপক আদিল মুহাম্মদ খান বলেন, ঢাকায় ফুটবল ও ফুটসালের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে। ইতিমধ্যে বিভিন্ন এলাকায় বেসরকারি উদ্যোগে অর্থের বিনিময়ে কৃত্রিম মাঠে খেলার সুযোগ তৈরি হয়েছে। এ অবস্থায় সিটি করপোরেশনের উদ্যোগ ইতিবাচক।

তবে তিনি মনে করেন, নাগরিকদের করের টাকায় নির্মিত এসব মাঠে ধনী-দরিদ্র সবার সমান প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে। মাঠগুলো যেন বাণিজ্যিক প্রতিষ্ঠানের মতো পরিচালিত না হয়, সে বিষয়েও নজর রাখতে হবে। অর্থের অভাবে কোনো নাগরিক যাতে খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করা জরুরি।

ডিএনসিসির প্রকৌশল বিভাগের তথ্য অনুযায়ী, উত্তর সিটির বিভিন্ন এলাকায় মোট ৭৬টি মাঠ ও পার্ক রয়েছে। এগুলোর মধ্যে ৩৭টি ডিএনসিসির মালিকানা ও তত্ত্বাবধানে। বাকিগুলো বিভিন্ন সরকারি মন্ত্রণালয় ও সংস্থার আওতাধীন। কিছু এলাকায় একই সীমানার মধ্যে মাঠ ও পার্ক পাশাপাশি অবস্থিত।

ফুটসাল মূলত ফুটবলের ছোট সংস্করণ। নির্দিষ্ট সীমানার ছোট মাঠে দুই দলের পাঁচজন করে খেলোয়াড় অংশ নেন। তুলনামূলক কম জায়গায় খেলার সুযোগ থাকায় ঘনবসতিপূর্ণ রাজধানীতে শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলায় আগ্রহী করে তুলতে এ ধরনের মাঠ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সর্বশেষ