• ২০২৬ নভেম্বর ১৪, শনিবার, ১৪৩৩ কার্তিক ৩০
  • সর্বশেষ আপডেট : ০২:১১ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

*মেয়ে পরিচয়ে পুত্রবধূকে জমি দান, জালিয়াতি ধরা পড়ল রেজিস্ট্রি অফিসে।*

  • প্রকাশিত ০৬:১১ পূর্বাহ্ন শনিবার, নভেম্বর ১৪, ২০২৬
*মেয়ে পরিচয়ে পুত্রবধূকে জমি দান, জালিয়াতি ধরা পড়ল রেজিস্ট্রি অফিসে।*
Time Bangla news
ফজলে এলাহী সুমন | সাভার প্রতিনিধি | টাইম বাংলা নিউজ।

*মেয়ে পরিচয়ে পুত্রবধূকে জমি দান, জালিয়াতি ধরা পড়ল রেজিস্ট্রি অফিসে।* 


 *উপশিরোনাম:* রাজস্ব ফাঁকিতে জালিয়াতির চেষ্টা, সমিতির তদবিরের অভিযোগ; নিষেধাজ্ঞা উপেক্ষা করে অন্যের লাইসেন্সে দলিল লেখা।

লালমনিরহাটের কালীগঞ্জে পুত্রবধূকে নিজের মেয়ে পরিচয় দিয়ে জমি হেবা দলিল করার চেষ্টা করতে গিয়ে জালিয়াতির অভিযোগে এক দলিল লেখক শাস্তির মুখে পড়েছেন। এ ঘটনায় অভিযুক্ত দলিল লেখক মোশাররফ হোসেন শিমুলকে ১৫ দিনের জন্য বরখাস্ত এবং কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন সাব-রেজিস্ট্রার। তবে নিষেধাজ্ঞা উপেক্ষা করে অন্যের লাইসেন্স ব্যবহার করে তিনি দলিল সম্পাদনের কাজ চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

সোমবার (৯ নভেম্বর) কালীগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে এ ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার কাকিনা ইউনিয়নের তালুক বানীনগর মৌজার একটি জমি হেবা দলিলের মাধ্যমে হস্তান্তরের জন্য কাগজপত্র জমা দেন দলিল লেখক শিমুল। এ সময় তাঁর সঙ্গে দলিল লেখক সমিতির সহসভাপতি ও সাংগঠনিক সম্পাদকও উপস্থিত ছিলেন।

অভিযোগ অনুযায়ী, জমির মালিক নিজের পুত্রবধূকে ঔরসজাত কন্যা পরিচয় দিয়ে হেবা দলিল সম্পাদনের চেষ্টা করেন। এতে সরকারের প্রাপ্য রাজস্ব ফাঁকির উদ্দেশ্য ছিল বলে অভিযোগ উঠেছে। তবে দলিলের তথ্য যাচাই এবং দাতা-গ্রহীতাকে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে সাব-রেজিস্ট্রার খন্দকার আহসানুল হক প্রকৃত সম্পর্কের অসংগতি খুঁজে পান। একপর্যায়ে জালিয়াতির বিষয়টি প্রকাশ পেলে তিনি দলিলটি জব্দ করে নিজের হেফাজতে নেন।

ঘটনার পরদিন মঙ্গলবার (১০ নভেম্বর) অভিযুক্ত দলিল লেখককে সাত কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। পাশাপাশি ১৫ দিনের জন্য তাঁর দলিল লেখার কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তবে এ ঘটনায় দলিল লেখক সমিতির নেতাদের পক্ষ থেকে অভিযুক্তকে দায়মুক্ত করার চেষ্টা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।

উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন জানান, ঘটনার সময় তিনি অফিসে উপস্থিত ছিলেন। সাব-রেজিস্ট্রার বিষয়টি যাচাই করে জালিয়াতির বিষয়টি বুঝতে পারেন। পরে তিনি অভিযুক্তের পক্ষে ক্ষমা প্রার্থনা করেন।

ফরহাদ হোসেন বলেন, ‘আমি সমিতির সাধারণ সম্পাদক, সবাইকে নিয়েই চলতে হয়। তাই স্যারকে অনুরোধ করেছিলাম, ভুল করেছে, ক্ষমা করে দিতে। দলিল লেখক ছোট মানুষ, জুনিয়র, তাই এমন ভুল হয়েছে।’

তবে ২০১১ সালে লাইসেন্স পাওয়া একজন দলিল লেখককে ‘জুনিয়র’ হিসেবে উল্লেখ করার বিষয়টি নিয়েও প্রশ্ন উঠেছে।

এদিকে সরেজমিনে সাব-রেজিস্ট্রি অফিসে গিয়ে দেখা গেছে, শাস্তিমূলক নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও শিমুল অন্যের লাইসেন্স ব্যবহার করে দলিল সম্পাদনের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত মোশাররফ হোসেন শিমুল বলেন, ‘আমার ভুল হয়েছে। তবে দলিলটি যে লিখেছে, সে আমার সহকারী। ভুলটা সে-ই করেছে।’

তবে দলিলের তথ্য গোপন করে রাজস্ব ফাঁকির চেষ্টা সম্পর্কে জানতে চাইলে তিনি কোনো জবাব না দিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন।

কালীগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রার খন্দকার আহসানুল হক বলেন, পুত্রবধূকে মেয়ে পরিচয় দিয়ে জমির হেবা দলিল সম্পাদনের জন্য উপস্থাপন করা হয়েছিল। দাতা ও গ্রহীতাকে জিজ্ঞাসাবাদে তাঁরা বাবা-মেয়ে নন বলে নিশ্চিত হওয়া যায়। এরপর দলিলটি জব্দ করে সংশ্লিষ্ট দলিল লেখককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং ১৫ দিনের জন্য দলিল সম্পাদন কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, শোকজের জবাব পাওয়ার পর অভিযুক্তের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: এস এন।

সর্বশেষ