চট্টগ্রাম পর্যন্ত বিস্তৃত হবে বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১৭:২
জয়দেবপুর-ঢাকা-নারায়ণগঞ্জ রেল করিডোরে পাইলট প্রকল্প বাস্তবায়নের পর, চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা নেয়া হয়েছে।
দেশের রেল যোগাযোগ আধুনিকায়নের পথে এটিকে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এই সম্প্রসারণ উদ্যোগের ফলে, দেশের ব্যস্ততম রেল করিডোর ঢাকা-চট্টগ্রাম রুটে বৈদ্যুতিক ট্রেন সংযোগ চালু করা সম্ভব হবে।
এতে যাত্রীসেবার মানোন্নয়ন, পণ্য পরিবহনের গতি বৃদ্ধি এবং জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমে আসবে বলে মনে করছে রেল কর্তৃপক্ষ।
বাংলাদেশ রেলওয়ের পরিকল্পনা সেলের প্রধান পরিকল্পনা কর্মকর্তা (সিপিও) প্রকৌশলী মো. রফিকুল ইসলাম বলেন, আধুনিক এই বৈদ্যুতিক ট্রেনের গতি হবে ঘণ্টায় সর্বোচ্চ ১৪০ কিলোমিটার।
প্রথম বৈদ্যুতিক ট্রেন করিডোর হিসেবে জয়দেবপুর-ঢাকা-নারায়ণগঞ্জ রুট নির্বাচন করা হয়েছে। পাইলট প্রকল্পটি ইতোমধ্যে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদনও পেয়েছে।
প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকা প্রকল্পব্যয়ের সিংহভাগ আসবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) থেকে। আর আমদানি করা সরঞ্জামের সঙ্গে সংশ্লিষ্ট অভ্যন্তরীণ ব্যয়, শুল্ক ও ভ্যাট সরকার বহন করবে।
পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের মধ্যে দরপত্র প্রক্রিয়া সম্পন্ন করা হবে। ২০২৮ সালের মাঝামাঝি থেকে বড় আকারের নির্মাণকাজ দ্রুত এগিয়ে নেয়া হবে।
পাইলট প্রকল্পের আওতায় ১৬ সেট আধুনিক ইলেকট্রিক মাল্টিপল ইউনিট (ইএমইউ) ট্রেন আমদানি করা হবে। ট্রেনগুলোর উভয় প্রান্তেই চালকের কক্ষ থাকবে। ফলে, দিক পরিবর্তনে সময় নষ্ট হবে না। নিয়মিত বিরতিতে ট্রেন চলাচল সম্ভব হবে।
রফিকুল ইসলাম বলেন, রেলওয়ের ঢাকা-চট্টগ্রাম রুট যাত্রী ও পণ্য পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজধানীর সঙ্গে দেশের প্রধান সমুদ্রবন্দর ও গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্রগুলোকে যুক্ত করেছে এই রেলপথ।
তিনি বলেন, এই রুটে বৈদ্যুতিক লোকোমোটিভ চালু করা গেলে কনটেইনার ও ভারী পণ্য পরিবহনে উল্লেখযোগ্য উন্নতি হবে। একইসঙ্গে, যাতায়াতের সময় ও পরিচালন ব্যয় কমে আসবে।
রেলওয়ে সূত্রে জানা যায়, বর্তমানে চট্টগ্রাম থেকে ঢাকায় রেলপথে বছরে প্রায় ৭০ হাজার টিইইউ (২০ ফুট সমমানের একক) কনটেইনার পরিবহন করা হয়। যা মোট পরিবহনকৃত কনটেইনারের মাত্র তিন শতাংশ।
এদিকে, ধীরাশ্রমে ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি) প্রকল্পের লক্ষ্য রেলপথে কনটেইনার পরিবহন বছরে সাড়ে ৪ লাখ টিইইউতে উন্নীত করা।
বৈদ্যুতিক ট্রেন চালু এবং ভবিষ্যতে আরও সম্প্রসারণের উপযোগী পরিবেশ তৈরিতে রেলওয়ে বেশ কিছু উন্নয়নমূলক উদ্যোগ নিয়েছে।
এর মধ্যে, ঢাকা-টঙ্গী রেলপথে তৃতীয় ও চতুর্থ লাইন নির্মাণের কাজ এগিয়ে চলছে। টঙ্গী-জয়দেবপুর অংশে ডাবল লাইন নির্মাণকাজ ইতোমধ্যে শেষ হয়েছে। জয়দেবপুরে আধুনিক ইএমইউ ডিপো ও ওয়ার্কশপ স্থাপনের জন্য অতিরিক্ত জমি অধিগ্রহণ করা হচ্ছে। এসব অবকাঠামো ট্রেনের রক্ষণাবেক্ষণ ও পরিচালনার কাজে সহায়তা করবে।
এছাড়াও, টঙ্গী-আখাউড়া এবং লাকসাম-চট্টগ্রাম রেলপথের বিদ্যমান মিটারগেজ লাইনকে ডুয়ালগেজ ডাবল লাইনে রূপান্তর করা হচ্ছে। ভবিষ্যতে রেলপথ বিদ্যুতায়নের জন্য প্রয়োজনীয় অবকাঠামো শক্তিশালী করতে এ উদ্যোগ নেয়া হয়েছে।
রেল সূত্র বলছে, খরচ বিবেচনায় প্রকল্পকে তুলনামূলক বাস্তবসম্মত করতে; ঘণ্টায় ৩৫০ কিলোমিটার গতির বুলেট ট্রেন চালুর পরিকল্পনা থেকে সরে এসে ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতির বৈদ্যুতিক ট্রেন চালু করতে চায় সরকার।
রেলওয়ের দাবি, বুলেট ট্রেন চালু করতে আনুমানিক আড়াই লাখ কোটি টাকা বিনিয়োগ প্রয়োজন হবে। জমি অধিগ্রহণ এবং ঘনবসতিপূর্ণ কৃষিপ্রধান এলাকায় এ ধরনের রেলপথ নির্মাণ বড় চ্যালেঞ্জ হবে।
তবে, নতুন প্রকল্পগুলোর মাধ্যমে আন্তর্জাতিক প্রক্রিয়ার কার্বন ক্রেডিট অর্জনের সুযোগ দেখছে রেলওয়ে।
মতামত দিন