শিবপুরে অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সভা
নরসিংদীর শিবপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের পরিকল্পিত অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে এ কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভ মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শিবপুর পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। মিছিল শেষে দলীয় কার্যালয়ের ভেতরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
শিবপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিছ রিকাবদারের (কালামিয়া) সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু ছালেক রিকাবদার।
প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনজুর এলাহী আওয়ামী লীগের উদ্দেশ্যে আঞ্চলিক ভাষায় বলেন, “হেই দিন আর নাইগো নাতি, আবলা আবলা হাতু খাইতি।” বক্তব্যে তিনি আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেন এবং যেকোনো ধরনের নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নরসিংদী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তোফাজ্জল হোসেন মাস্টার। এ সময় শিবপুর উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচির নামে নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের তীব্র প্রতিবাদ জানান এবং দেশ ও জনগণের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
মতামত দিন