• ২০২৬ এপ্রিল ১১, শনিবার, ১৪৩২ চৈত্র ২৮
  • সর্বশেষ আপডেট : ১২:০৪ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ব‍্যবসায়ীকে ইট দিয়ে থেঁতলে ও পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ

  • প্রকাশিত ০১:০৪ অপরাহ্ন শনিবার, এপ্রিল ১১, ২০২৬
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ব‍্যবসায়ীকে ইট দিয়ে থেঁতলে ও পিটিয়ে  হত্যা করেছে প্রতিপক্ষ
নিহত মো. দিদারুল আলম ঃ সংগৃহীত ছবি
জেলা প্রতিনিধি

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ইট দিয়ে থেঁতলে ও পিটিয়ে একজন ব্যবসায়ীকে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার মইজ্জারটেক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. দিদারুল আলম (৫৬) চট্টগ্রামের পটিয়া উপজেলা কালারপুর ইউনিয়নের মোহাম্মদনগর এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দিদারুল আলমের সঙ্গে তাঁর এলাকার আবু তৈয়ব নামের একজনের লেনদেন ছিল। শুক্রবার রাত ১০টার দিকে আবু তৈয়বের সঙ্গে মইজ্জারটেক এলাকায় দিদারের দেখা হয়। ওই সময় দুজন তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে দুজন মারামারিতে জড়ালে দিদার আহত হন। দিদারকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

দিদারের চট্টগ্রাম নগরীর রিয়াজুদ্দিন বাজারের মনিহারি দোকান আছে। অভিযুক্ত আবু তৈয়বের সঙ্গে তাঁর পরিচয় এবং ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ইট দিয়ে থেঁতলে ও পিটিয়ে দিদারকে হত্যা করা হয় বলে স্থানীয় সূত্র ও পুলিশ জানায়।

নিহত দিদারের ভাতিজা বশির আহমদ বলেন, ‘আমরা খবর পেয়ে চমেক হাসপাতালে এসেছি। এখনো জানি না কী কারণে এমন ঘটনা ঘটল।’

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম বলেন, ‘শুনেছি দিদারের সঙ্গে আবু তৈয়ব নামের একজনের লেনদেন ছিল। এর জের ধরে দুজনের মধ্যে মারামারির ঘটনায় দিদার আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান।’

ওসি আরও বলেন, ‘এ ঘটনায় দুই পক্ষের বক্তব্য পাওয়া গেলে বলা যাবে মূল ঘটনা কী। আমরা তদন্ত শুরু করেছি।’


সর্বশেষ