ট্রাম্প-নেতানিয়াহু বৈঠক আজ: ইরানসহ মধ্যপ্রাচ্যের সংকট নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সফরকালে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। ট্রাম্প দ্বিতীয় দফায় প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর এটি দুই নেতার অষ্টম মুখোমুখি বৈঠক।
সফরের আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বার্তায় নেতানিয়াহু বলেন, বিশ্বের অন্য যেকোনো রাষ্ট্রনেতার তুলনায় প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তার সবচেয়ে বেশি বৈঠক হয়েছে। তিনি এটিকে একদিকে সম্মানের, অন্যদিকে বড় দায়িত্বের বিষয় বলে উল্লেখ করেন।
তিনি জানান, বৈঠকে ইরানকে কেন্দ্র করে আঞ্চলিক নিরাপত্তা, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি, দুই দেশের কৌশলগত সহযোগিতা এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে। ইরানের কার্যক্রম ও আঞ্চলিক প্রভাব আলোচনার অন্যতম প্রধান বিষয় হিসেবে থাকবে বলে ধারণা করা হচ্ছে।
নেতানিয়াহু বলেন, ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা, দেশের প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করা এবং মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা এগিয়ে নেওয়াই তার সরকারের অগ্রাধিকার। এসব লক্ষ্য বাস্তবায়নের উদ্দেশ্যেই তিনি এই সফরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন।
সফরের সময় তিনি মার্কিন সিনেটর লিন্ডসি গ্রাহামের সঙ্গেও সাক্ষাৎ করবেন। নেতানিয়াহু গ্রাহামকে ইসরায়েলের দীর্ঘদিনের বিশ্বস্ত বন্ধু এবং দেশটির অকৃত্রিম সমর্থক হিসেবে অভিহিত করেন।
তিনি আরও বলেন, এই সফরের মাধ্যমে তিনি শুধু সরকার নয়, বরং সমগ্র ইসরায়েলি জনগণের প্রত্যাশা ও স্বার্থের প্রতিনিধিত্ব করছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক আরও জোরদার করা এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করাই সফরের অন্যতম উদ্দেশ্য।
মতামত দিন