ইরানি বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের হামলা: ‘উপযুক্ত জবাব দেওয়া হবে’, কড়া বার্তা আরাগচির
মোঃ সেলিম মিয়া
বিশেষ প্রতিনিধি | টাইম বাংলা নিউজ
ইরানের একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেছেন, কাস্পিয়ান সাগরে সংঘটিত এই হামলার ঘটনা কোনোভাবেই উপেক্ষা করা হবে না এবং এর যথাযথ জবাব দেওয়া হবে।
ইরানের দাবি অনুযায়ী, রোববার (২৬ জুলাই) কাস্পিয়ান সাগরে তাদের একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালানো হয়। এতে বিস্ফোরণের ঘটনায় একজন নাবিক নিহত এবং আরেকজন আহত হয়েছেন।
ঘটনার পর ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কাল্লাস এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে পৃথক টেলিফোনে কথা বলেন আব্বাস আরাগচি। পরে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এসব আলোচনার বিষয়টি নিশ্চিত করেন।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, ফোনালাপে ল্যাভরভ নিহত নাবিকের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে আহতদের সহায়তায় এগিয়ে আসায় রাশিয়ার আস্ত্রাখান অঞ্চলের স্থানীয় প্রশাসনের প্রশংসা করেন আরাগচি।
আলোচনায় ইরানি পররাষ্ট্রমন্ত্রী কিয়েভের বিরুদ্ধে এমন হামলা বন্ধের আহ্বান জানান এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
এ ছাড়া মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা প্রশমনে ইরানের কূটনৈতিক উদ্যোগ সম্পর্কেও রুশ পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন আরাগচি।
সূত্র: রয়টার্স
মতামত দিন