ত্রিপুরার মুখ্যমন্ত্রীর উপহার ৬২০ কিউ আনারস, প্রধানমন্ত্রীর জন্য পাঠানো হলো বাংলাদেশে
বাংলাদেশ ও ভারতের পারস্পরিক সৌহার্দ্যের প্রতীক হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য ত্রিপুরা রাজ্যের বিখ্যাত কিউ জাতের আনারস উপহার পাঠিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা।
বুধবার (২৯ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে উপহারের এই চালান বাংলাদেশে পৌঁছায়। আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট সূত্র জানায়, একটি পিকআপ ভ্যানে করে ১০০টি কার্টনে মোট ৬২০টি কিউ জাতের আনারস আনা হয়েছে।
সীমান্তে আনুষ্ঠানিকভাবে উপহার গ্রহণের পর চট্টগ্রামে অবস্থিত ভারতের সহকারী হাইকমিশনের কর্মকর্তারা চালানটি গ্রহণ করেন। পরে তা ঢাকায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হয়।
উপহার হস্তান্তর অনুষ্ঠানে ভারতের পক্ষে উপস্থিত ছিলেন চট্টগ্রামের ভারতীয় সহকারী হাই কমিশনের কর্মকর্তা পঙ্কজ জ্যোতি দাস ও সজীব চক্রবর্তী। এছাড়া আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ মো. আলাউদ্দিন এবং আখাউড়া কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মো. জসিম উদ্দিনও উপস্থিত ছিলেন।
অন্যদিকে ত্রিপুরা সরকারের প্রতিনিধিদলে ছিলেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায়, বিভাগের পরিচালক ফনি ভূষণ জমাতিয়া, উদ্যান ও মৃত্তিকা সংরক্ষণ অধিদপ্তরের উপদেষ্টা রাজিব ঘোষ এবং বিএসএফের কর্মকর্তারা। অনুষ্ঠানে প্রয়োজনীয় নথিপত্রসহ আনারসের চালান ভারতীয় সহকারী হাইকমিশনের কর্মকর্তাদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
ত্রিপুরার কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায় বলেন, বাংলাদেশ থেকে পূর্বে সৌজন্য উপহার হিসেবে আম পাঠানো হয়েছিল। সেই আন্তরিকতার প্রতিদান হিসেবেই ত্রিপুরা সরকারের পক্ষ থেকে এবার কিউ জাতের আনারস উপহার পাঠানো হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য, বাংলাদেশ ও ভারতের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করা এবং পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার লক্ষ্যেই এই সৌজন্য উপহার বিনিময় করা হয়েছে। এর আগে বাংলাদেশের পক্ষ থেকে ত্রিপুরায় আম পাঠানো হয়েছিল, যার ধারাবাহিকতায় এবার বাংলাদেশে পৌঁছেছে ত্রিপুরার বিখ্যাত কিউ জাতের আনারস।
মতামত দিন