• ২০২৬ Jul ৩০, বৃহস্পতিবার, ১৪৩৩ শ্রাবণ ১৫
  • সর্বশেষ আপডেট : ০১:০৭ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

ইউএনওকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন জামায়াতের এমপি, সামাজিক মাধ্যমে শুরু বিতর্ক

  • প্রকাশিত ০১:০৭ অপরাহ্ন বৃহস্পতিবার, Jul ৩০, ২০২৬
ইউএনওকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন জামায়াতের এমপি, সামাজিক মাধ্যমে শুরু বিতর্ক
Time Bangla news
মোঃ সেলিম মিয়া বিশেষ প্রতিনিধি | টাইম বাংলা নিউজ

ইউএনওকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন জামায়াতের এমপি, সামাজিক মাধ্যমে শুরু বিতর্ক

কুষ্টিয়ার মিরপুর উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহীন খসরুকে ফুল ও উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সংসদ সদস্য আবদুল গফুর। মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ শুভেচ্ছা জানান। পরে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

সংসদ সদস্য আবদুল গফুর তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এ সাক্ষাতের কয়েকটি ছবি প্রকাশ করে জানান, মিরপুর উপজেলার পক্ষ থেকে নবনিযুক্ত ইউএনওকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানানো হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বিত প্রচেষ্টায় উপজেলার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।

সৌজন্য সাক্ষাতে জামায়াতে ইসলামীর স্থানীয় নেতারাও উপস্থিত ছিলেন। এ সময় উপজেলার বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা, জনকল্যাণমূলক কর্মকাণ্ড এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার বিষয়ে আলোচনা হয় বলে জানানো হয়।

তবে সংসদ সদস্য নিজে ইউএনওর কার্যালয়ে গিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর ঘটনাটি প্রকাশ্যে আসার পর সামাজিক মাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকেই রাষ্ট্রের ‘ওয়ারেন্ট অব প্রিসিডেন্স’, প্রশাসনিক শিষ্টাচার এবং সরকারি কর্মকর্তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন।

কেউ কেউ মন্তব্য করেন, একজন সংসদ সদস্যের পক্ষ থেকে এ ধরনের আনুষ্ঠানিক শুভেচ্ছা জানানো প্রটোকলের সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ, তা নিয়ে আলোচনা হওয়া উচিত। আবার অনেকে এটিকে কেবল সৌজন্য সাক্ষাৎ হিসেবেই দেখার আহ্বান জানান।

এ বিষয়ে সচেতন নাগরিক কমিটি (সনাক)-এর সদস্য মিজানুর রহমান গণমাধ্যমকে বলেন, রাজনৈতিক নেতাদের দলীয় অনুসারীদের নিয়ে সরকারি কর্মকর্তার দপ্তরে যাওয়া প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি করতে পারে। এমন কর্মকাণ্ড ভবিষ্যতে অপ্রত্যাশিত বার্তা দিতেও পারে বলে তিনি মন্তব্য করেন।

এদিকে নবনিযুক্ত ইউএনও আফরোজ শাহীন খসরু জানান, তিনি সম্প্রতি দায়িত্ব গ্রহণ করেছেন। সংসদ সদস্য সৌজন্য সাক্ষাতে এসে ফুল ও একটি বই উপহার দিয়েছেন। 

তিনি বলেন, এলাকার উন্নয়নের স্বার্থে জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামাজিক মাধ্যমে চলা বিতর্ক নিয়ে তিনি কোনো মন্তব্য করতে চাননি।

অন্যদিকে এ বিষয়ে বক্তব্য জানতে সংসদ সদস্য আবদুল গফুরের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সর্বশেষ