রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান: মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নেবেন বলে জানিয়েছেন দলের মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (১ আগস্ট) রাতে গুলশানে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
মির্জা ফখরুল বলেন, দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি ও সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রায় দুই ঘণ্টাব্যাপী বিস্তারিত আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনসহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে নীতিগত আলোচনা হয়। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব দলের প্রধান হিসেবে প্রধানমন্ত্রীর ওপর অর্পণ করা হয়েছে।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদও বলেন, রাষ্ট্রপতি নির্বাচন সম্পর্কিত পরবর্তী পদক্ষেপ নির্ধারণে প্রধানমন্ত্রী তারেক রহমানই চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন।
রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বিশেষ অধিবেশন আহ্বানের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করার পর প্রয়োজন হলে জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে আলোচনা করে বিশেষ অধিবেশন ডাকার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, বেগম সেলিমা রহমান এবং অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
মতামত দিন