• ২০২৬ অগাস্ট ০২, রবিবার, ১৪৩৩ শ্রাবণ ১৭
  • সর্বশেষ আপডেট : ০৩:০৮ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

বোমা আতঙ্কে মেট্রোস্টেশন: মতিঝিলের আইইডি ঘটনার সঙ্গে মিরপুর-১০ ও ফার্মগেটের কোনো যোগসূত্র নেই—সিটিটিসি

  • প্রকাশিত ০৪:০৮ পূর্বাহ্ন রবিবার, অগাস্ট ০২, ২০২৬
বোমা আতঙ্কে মেট্রোস্টেশন: মতিঝিলের আইইডি ঘটনার সঙ্গে মিরপুর-১০ ও ফার্মগেটের কোনো যোগসূত্র নেই—সিটিটিসি
টাইম বাংলা নিউজ
বিশেষ প্রতিনিধি : মোঃ শাখাওয়াত হোসেন

বোমা আতঙ্কে মেট্রোস্টেশন: মতিঝিলের আইইডি ঘটনার সঙ্গে মিরপুর-১০ ও ফার্মগেটের কোনো যোগসূত্র নেই—সিটিটিসি

বিশেষ প্রতিনিধি: মোঃ সাখাওয়াত হোসেন | টাইম বাংলা নিউজ

রাজধানীর মতিঝিল মেট্রোস্টেশনে উদ্ধার হওয়া আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) বোমার ঘটনার সঙ্গে মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোস্টেশনে শনিবার পাওয়া সন্দেহজনক ব্যাগ ও বস্তার কোনো যোগসূত্র এখন পর্যন্ত পাওয়া যায়নি বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। তবে তিনটি ঘটনাকেই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।

শনিবার বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিটিটিসির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শামসুল হক এ তথ্য জানান।

তিনি বলেন, মিরপুর-১০ মেট্রোস্টেশনে উদ্ধার হওয়া পরিত্যক্ত ব্যাগে পান ও জর্দার কৌটাসহ কিছু সাধারণ ব্যবহার্য সামগ্রী পাওয়া গেছে। একইভাবে ফার্মগেট মেট্রোস্টেশনের নিচে পড়ে থাকা বস্তায় ছিল আবর্জনা। দুটি স্থান থেকেই কোনো ধরনের বিস্ফোরক বা বিপজ্জনক বস্তু উদ্ধার হয়নি। তাই প্রাথমিক তদন্তে ঘটনাগুলোকে বিচ্ছিন্ন হিসেবে দেখা হচ্ছে এবং মতিঝিলে উদ্ধার হওয়া আইইডির ঘটনার সঙ্গে এগুলোর কোনো সম্পর্কের প্রমাণ মেলেনি।

এর আগে শনিবার দুপুরে মিরপুর-১০ মেট্রোস্টেশনের দ্বিতীয় তলায় একটি পরিত্যক্ত ব্যাগ এবং ফার্মগেট মেট্রোস্টেশনের নিচে একটি সন্দেহজনক বস্তা দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে ডিএমপির বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে গিয়ে পরীক্ষা-নিরীক্ষা শেষে নিশ্চিত হয় যে সেখানে কোনো বিস্ফোরক নেই। নিরাপত্তার স্বার্থে মিরপুর-১০ মেট্রোস্টেশন সাময়িকভাবে বন্ধ রাখা হলেও তল্লাশি শেষ হওয়ার পর পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।

সংবাদ সম্মেলনে মোহাম্মদ শামসুল হক জানান, মতিঝিলের আইইডি উদ্ধারের ঘটনায় সিটিটিসি, ডিবি পুলিশসহ সংশ্লিষ্ট ইউনিটগুলো সমন্বিতভাবে তদন্ত চালিয়ে যাচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে চূড়ান্ত কোনো মন্তব্য করা সম্ভব নয়। নতুন কোনো তথ্য পাওয়া গেলে তা গণমাধ্যমকে জানানো হবে।

মেট্রোস্টেশনগুলোর সিসিটিভি ফুটেজ নিয়ে জনমনে সৃষ্টি হওয়া প্রশ্নের জবাবে তিনি বলেন, পরিত্যক্ত ব্যাগ ও বস্তা কে বা কারা রেখেছে, সেটিও তদন্তের আওতায় রয়েছে। সিসিটিভি ফুটেজসহ সংশ্লিষ্ট সব তথ্য বিশ্লেষণ করা হচ্ছে এবং তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করা হবে।

সিটিটিসির সক্ষমতা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সংস্থাটি সাইবার অপরাধ, সন্ত্রাসবাদ দমন এবং আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলাসহ সব ধরনের দায়িত্ব সমান গুরুত্বের সঙ্গে পালন করছে। জনগণের মধ্যে অযথা আতঙ্ক ছড়িয়ে পড়া রোধ এবং প্রকৃত তথ্য তুলে ধরতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৫ জুলাই সন্ধ্যায় মতিঝিল মেট্রোস্টেশনের নিচ থেকে একটি ছাতার ভেতরে রাখা আইইডি উদ্ধার করে পুলিশ। পরে বোমা নিষ্ক্রিয়কারী দল সেটি নিরাপদে নিষ্ক্রিয় করে। ওই ঘটনায় একজন আহত হন। এরপর থেকেই মেট্রোরেল ব্যবহারকারীদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। বর্তমানে মতিঝিলের আইইডি উদ্ধারের ঘটনাসহ সাম্প্রতিক সব ঘটনাই তদন্তাধীন রয়েছে।

সর্বশেষ