কালাইয়ে ডিজিটাল ল্যাব ও অনলাইন নাগরিক সেবা কার্যক্রমের উদ্বোধন
জয়পুরহাটের কালাই উপজেলা পরিষদে স্থাপিত ডিজিটাল ল্যাব এবং কালাই পৌরসভা ও উপজেলার সব ইউনিয়ন পরিষদ থেকে প্রদত্ত বিভিন্ন নাগরিক সেবার অনলাইন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর ২০২৬) সকাল সাড়ে ১০টায় কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পুরাতন পরিষদ মিলনায়তনে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালাই উপজেলা নির্বাহী অফিসার ফয়সল আহমেদ। প্রধান অতিথি হিসেবে ডিজিটাল ল্যাব ও অনলাইন নাগরিক সেবা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) আসনের সংসদ সদস্য এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী।
উদ্বোধনের পর প্রতিমন্ত্রী আব্দুল বারী অনলাইনের মাধ্যমে নাগরিক সেবা প্রদানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন। তিনি বলেন, প্রযুক্তিনির্ভর সেবা কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের ভোগান্তি কমানোর পাশাপাশি দ্রুত ও সহজে নাগরিক সেবা নিশ্চিত করা সম্ভব।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী আব্দুল বারীর সহধর্মিণী নাজমা আরা বেগম।
পরে অনলাইনের মাধ্যমে প্রথম সেবা গ্রহণকারীদের মাঝে প্রতিমন্ত্রী আব্দুল বারী সনদপত্র বিতরণ করেন।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, উপজেলার পাঁচ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মতামত দিন