*আমার লেভেলে এসে কথা বলুক’, পরীমণিকে অপু বিশ্বাসের কড়া জবাব।*
*উপশিরোনাম:* সিনেমার সাফল্য নিয়ে পাল্টাপাল্টি খোঁচা; সামাজিক যোগাযোগমাধ্যমে দুই নায়িকার মন্তব্য ঘিরে তুমুল আলোচনা।
ঢাকাই চলচ্চিত্রের দুই আলোচিত অভিনেত্রী অপু বিশ্বাস ও পরীমণির মধ্যে কথার লড়াই নতুন মাত্রা পেয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে পরীমণির ইঙ্গিতপূর্ণ মন্তব্যের পর এবার পাল্টা জবাব দিয়েছেন অপু বিশ্বাস। পরীমণির চলচ্চিত্র ক্যারিয়ার নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেছেন, নিজের পর্যায়ে পৌঁছানোর পরই যেন তাকে নিয়ে মন্তব্য করা হয়।
রোববার (১৫ নভেম্বর) একটি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অপু বলেন, ‘যারা আমাকে নিয়ে স্ট্যাটাস দেন, তারা আমাকে বেচতে চান।’ তবে কে তাকে উদ্দেশ করে পোস্ট দিয়েছেন, তা নিজে দেখেননি বলেও জানান তিনি। অন্যদের কাছ থেকে বিষয়টি শুনেছেন বলে উল্লেখ করেন এই অভিনেত্রী।
পরীমণিকে উদ্দেশ করে অপু বলেন, ‘যার ২৫টি সিনেমার মধ্যে ২০টি ফ্লপ, পাঁচটি আন্ডার প্রোডাকশন। সেই মানুষ আমার জায়গায়, আমার লেভেলে আসার পর আমাকে নিয়ে যেন পোস্ট করে, দ্যাটস ইট। আর কোনো কথা বলতে চাই না।’
চলচ্চিত্রে নিজের কাজের প্রসঙ্গ টেনে ‘কোটি টাকার কাবিন’খ্যাত এই অভিনেত্রী বলেন, বাংলাদেশে তিনি কাজ করেছেন কি না, তার প্রমাণ দর্শক ও সংবাদমাধ্যমের কাছেই রয়েছে।
বর্তমান ব্যস্ততা প্রসঙ্গে অপু জানান, অভিনয়ের পাশাপাশি তিনি এখন সন্তানের দায়িত্ব পালন করছেন এবং ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন। একজন মানুষ সারা জীবন একই পেশায় সীমাবদ্ধ থাকেন না উল্লেখ করে শাহরুখ খান, ঐশ্বরিয়া রাই ও প্রিয়াঙ্কা চোপড়ার উদাহরণও টানেন তিনি।
এর আগে ব্র্যান্ড অ্যাম্বাসেডর প্রসঙ্গে অপুর একটি ভিডিওবার্তা আলোচনায় আসে। সেখানে তিনি বলেন, শুধু ফেসবুক লাইভে পণ্যের প্রচার করলেই কেউ ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পারেন না।
অপুর এমন বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হন পরীমণি। ‘আপ্পাহ দি’ সম্বোধন করে অপুর মন্তব্যের সমালোচনা করেন তিনি। একপর্যায়ে অপুর উদ্দেশে ‘পরগাছার রানি’ বলেও কটাক্ষ করেন।
এ নিয়ে দুই অভিনেত্রীর পাল্টাপাল্টি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।
মতামত দিন