*ছিনতাইয়ে বাধা দেওয়ায় ৬ বাড়িতে কিশোর গ্যাংয়ের হামলা, আগুন দেওয়ার চেষ্টা।*
*উপশিরোনাম:* শ্রীপুরে দেশীয় অস্ত্র নিয়ে হামলা, ফাঁকা গুলি ও ককটেল বিস্ফোরণে আতঙ্ক; থানায় লিখিত অভিযোগ।
গাজীপুরের শ্রীপুরে মোবাইল ফোন ছিনতাইয়ের প্রতিবাদ করায় স্থানীয় ছয়টি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে একদল কিশোর গ্যাং সদস্যের বিরুদ্ধে। এ সময় ফাঁকা গুলি ছোড়া ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয়। হামলাকারীরা পরে বাড়ির বাসিন্দাদের পুড়িয়ে মারার হুমকিও দেয়।
রোববার (১৫ নভেম্বর) দুপুরে এ ঘটনায় শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ছফির উদ্দিনের ছেলে সজীব ফকির। অভিযোগে স্থানীয় সাকিব (২৫), মারুফ (২৩) ও মাহফুজ (২১)সহ অজ্ঞাতপরিচয় ১০-১২ জনকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার (১৪ নভেম্বর) রাত ১০টার দিকে মুলাইদ গ্রামে মোবাইল ফোন ছিনতাইয়ের সময় স্থানীয়রা সাকিব নামের এক যুবককে হাতেনাতে আটক করেন। এ সময় ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ করায় সজীব ফকিরকে গালিগালাজ ও মারধরের হুমকি দেওয়া হয়।
এরপর রাত সাড়ে ১২টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে অভিযুক্তরা ছফির উদ্দিনের বাড়িসহ আশপাশের ছয়টি বাড়িতে হামলা চালায়। এ সময় বাড়ির গেট, দরজা ও ঘরবাড়িতে দা দিয়ে কোপানো হয়। একপর্যায়ে পাটের বস্তায় পেট্রল ঢেলে বসতঘরে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। পাশাপাশি ফাঁকা গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক ছড়ানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
সজীব ফকিরের দাবি, তেলিহাটি ইউনিয়নের শিল্পকারখানাগুলোকে কেন্দ্র করে এলাকায় বিভিন্ন জেলার শ্রমিক বসবাস করেন। কারখানা থেকে ফেরার পথে প্রায়ই তাঁদের মোবাইল ফোন ও বেতনের টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। ভয়ে সাধারণ মানুষ এসব ঘটনার প্রতিবাদ করতে চান না। শনিবার রাতে ছিনতাইয়ের ঘটনায় প্রতিবাদ করায় তাঁদের বাড়িঘরে হামলা চালানো হয়েছে।
খবর পেয়ে জাতীয় জরুরি সেবা নম্বরে ফোন পাওয়ার পর রাতেই ঘটনাস্থলে যান শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) নুর আলম। তিনি বলেন, প্রাথমিকভাবে একটি মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে বসতবাড়িতে হামলার বিষয়টি জানা গেছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মতামত দিন