কালাইয়ে প্রান্তিক জনগোষ্ঠীর ১১৫ পরিবারের মাঝে গবাদিপশু বিতরণ
জয়পুরহাটের কালাইয়ে প্রান্তিক কৃষক, প্রতিবন্ধী, সুবিধাবঞ্চিত, বিধবা ও স্বামী পরিত্যক্তা নারীদের আয়বৃদ্ধিমূলক কর্মসূচির আওতায় ১১৫টি পরিবারের মাঝে গবাদিপশু বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এসব পরিবারের সদস্যদের হাতে গবাদিপশু তুলে দেওয়া হয়। একই অনুষ্ঠানে কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলার সুবিধাবঞ্চিত ৩১ জন মানুষের মাঝে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী (এমপি)। এর আগে তিনি বৃক্ষরোপণ কর্মসূচি ও উপজেলা পরিষদে স্থাপিত ডিজিটাল ল্যাবের উদ্বোধন করেন। এছাড়া কালাই পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে স্থাপিত ৩৬টি সিসিটিভি ক্যামেরারও উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহবুব, উপজেলা প্রকৌশলী সুমন কুমার দেবনাথ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মনিরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা হারুনুর রশিদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোর্শেদা আক্তার বানু, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও নাহিদ নাজনীন ডেইজি, উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মওদুদ আলম সরকার, পৌর বিএনপির আহ্বায়ক সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল, যুগ্ম আহ্বায়ক আব্দুল আলীম সরকারসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত পরিবারের আয় বৃদ্ধির পাশাপাশি তাদের জীবনমান উন্নয়নে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মতামত দিন