• ২০২৬ সেপ্টেম্বর ২৮, সোমবার, ১৪৩৩ আশ্বিন ১৩
  • সর্বশেষ আপডেট : ০৪:০৯ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

দেশ বাঁচাতে জাতীয় ঐক্য জরুরি: সারোয়ার ওয়াদুদ চৌধুরী

  • প্রকাশিত ০৪:০৯ অপরাহ্ন সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
দেশ বাঁচাতে জাতীয় ঐক্য জরুরি: সারোয়ার ওয়াদুদ চৌধুরী
টাইম বাংলা নিউজ
বিশেষ প্রতিনিধি : মোঃ সাখাওয়াৎ হোসেন

দেশ বাঁচাতে জাতীয় ঐক্য জরুরি: সারোয়ার ওয়াদুদ চৌধুরী

দুর্নীতিমুক্ত রাষ্ট্র কাঠামো গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান

নিজস্ব প্রতিবেদক | টাইম বাংলা নিউজ

দেশের চলমান সংকট মোকাবিলা, দুর্নীতি প্রতিরোধ এবং একটি সুশাসনভিত্তিক রাষ্ট্র কাঠামো গড়ে তুলতে জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করেছেন দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক ও মুখপাত্র সারোয়ার ওয়াদুদ চৌধুরী।

২৬ সেপ্টেম্বর শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ডেমোক্রেটিক বাংলাদেশ মুভমেন্ট (ডিবিএম) আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

সারোয়ার ওয়াদুদ চৌধুরী বলেন, দেশ ও জনগণের স্বার্থে এখন বিভাজনের রাজনীতি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য। দেশের সংকট উত্তরণ এবং দুর্নীতিমুক্ত রাষ্ট্র কাঠামো প্রতিষ্ঠায় দল-মত ও মতাদর্শের ঊর্ধ্বে উঠে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট, আইনশৃঙ্খলার অবনতি, দখল-চাঁদাবাজি, সন্ত্রাস ও রাহাজানির মতো বিভিন্ন সমস্যা সাধারণ মানুষের জীবনকে কঠিন করে তুলছে। পাশাপাশি হত্যা, ধর্ষণ, গুম এবং নারী ও শিশুর ওপর নির্যাতনের মতো ঘটনাগুলোও সমাজে উদ্বেগ তৈরি করছে। এসব সমস্যা সমাধানে কার্যকর রাষ্ট্রীয় উদ্যোগের পাশাপাশি সামাজিক সচেতনতা ও সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলা জরুরি।

তিনি আরও বলেন, দুর্নীতি একটি রাষ্ট্রের অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক কাঠামোকে দুর্বল করে দেয়। তাই দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করা এবং আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

ডেমোক্রেটিক বাংলাদেশ মুভমেন্ট (ডিবিএম) সভাপতি ও সাবেক সচিব কাসেম মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে দেশের বিভিন্ন সংকট ও জনদুর্ভোগের বিষয় তুলে ধরে বক্তারা বক্তব্য দেন।

সমাবেশে আরও বক্তব্য রাখেন মেজর জেনারেল আমসা আ আমিন, সাবেক অতিরিক্ত সচিব ড. সাঈদুর রহমান সেলিম, ডিবিএম মহাসচিব আবুল কালাম আজাদ, মহান মুক্তিযুদ্ধের গেরিলা লিডার ড. শফিকুল ইসলাম কানু, সোশ্যাল জাস্টিস ফোরামের সভাপতি আবদুল্লাহ আল মাহমুদ শোয়েব, গণমুক্তি জোটের চেয়ারম্যান ড. শাহরিয়ার ইফতিখার ফুয়াদ, মানবাধিকার সংগঠক লায়ন আজম খান, ইউডিপি চেয়ারম্যান গাজী মোস্তাফিজুর রহমান এবং বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও নাগরিক সংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা দেশের বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট নিরসন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দখল ও চাঁদাবাজি বন্ধ, সন্ত্রাস ও রাহাজানি প্রতিরোধ এবং নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

বক্তারা বলেন, জনগণের নিরাপত্তা, মৌলিক অধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করতে রাষ্ট্রের প্রতিটি পর্যায়ে জবাবদিহিতা প্রতিষ্ঠা করতে হবে। একই সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে একটি স্বচ্ছ ও জনবান্ধব রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিতে হবে।

সমাবেশে অংশগ্রহণকারীরা দেশের সার্বিক পরিস্থিতি উন্নয়ন এবং জনগণের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সর্বশেষ