দিনাজপুরের কাহারোল উপজেলার ঈশানপুর গ্রামের অসুস্থ ও অসহায় দম্পতি ভবেশ চন্দ্র রায় ও নিরু রানী রায়ের পাশে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন গণমাধ্যমকর্মী রশিদুল ইসলাম টিপু। তিনি বেসরকারি অনলাইন টেলিভিশন নজর টিভি-২৪-এর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
সম্প্রতি অসুস্থ এই দম্পতির দুর্দশা ও মানবিক সহায়তার প্রয়োজনের বিষয়টি গণমাধ্যমে উঠে আসে। প্রতিবেদনটি নজরে আসার পর তাদের সহায়তায় এগিয়ে আসেন সাংবাদিক রশিদুল ইসলাম টিপু।
নিজ উদ্যোগে তিনি প্রায় এক মাসের খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় নিত্যপণ্য নিয়ে দম্পতির বাড়িতে যান। এ সময় তাদের হাতে চাল, ডাল, ভোজ্যতেল, আটা, সাবানসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন তিনি।
হঠাৎ এমন সহায়তা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ভবেশ চন্দ্র রায় ও নিরু রানী রায়। তারা সাংবাদিক রশিদুল ইসলাম টিপুর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার জন্য শুভকামনা জানান।
এদিকে অসহায় পরিবারের পাশে ব্যক্তিগত উদ্যোগে সহায়তা নিয়ে দাঁড়ানোর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তাদের মতে, গণমাধ্যমে কোনো অসহায় মানুষের দুর্দশার কথা তুলে ধরার পাশাপাশি সমাজের সামর্থ্যবান মানুষ ও বিভিন্ন মহল এগিয়ে এলে বিপদগ্রস্ত পরিবারগুলো উপকৃত হতে পারে। কাহারোলের এই ঘটনাটিও তার একটি উদাহরণ।
মতামত দিন