• ২০২৬ সেপ্টেম্বর ২৯, মঙ্গলবার, ১৪৩৩ আশ্বিন ১৪
  • সর্বশেষ আপডেট : ০১:০৯ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

চিরিরবন্দরে স্বর্ণালংকার চুরি, পুলিশের হাতে আটক ৩

  • প্রকাশিত ০১:০৯ অপরাহ্ন মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
চিরিরবন্দরে স্বর্ণালংকার চুরি, পুলিশের হাতে আটক ৩
টাইম বাংলা নিউজ
মোয়াজ্জেম হোসেন, দিনাজপুর জেলা প্রতিনিধি

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় বসতবাড়ি থেকে স্বর্ণালংকার চুরির ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চুরি যাওয়া স্বর্ণালংকারের একটি খণ্ডিত অংশ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) চিরিরবন্দর থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করে। পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টার মধ্যে উপজেলার ৭ নম্বর আউলিয়াপুকুর ইউনিয়নের একটি বাড়িতে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী থানায় মামলা করেন।

মামলার তদন্তে নেমে পুলিশ কারেন্টেরহাট বাজারে চন্দন চন্দ্র রায়ের মালিকানাধীন ‘কৃষ্ণ জুয়েলার্স’-এ অভিযান চালায়। সেখানে তল্লাশি করে চুরি যাওয়া স্বর্ণালংকারের একটি খণ্ডিত অংশ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণের টুকরোটির ওজন ১ আনা ২৮ পয়েন্ট এবং আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

অভিযানে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—উত্তর ভোলানাথপুর পশ্চিমপাড়া এলাকার মো. আজিজুল ইসলামের ছেলে মো. সোহেল রানা, একই এলাকার মো. সাইদুরের ছেলে মো. আলমগীর বাদশাহ এবং ছোটবাউল চেয়ারম্যানপাড়া এলাকার লোকমোহন চন্দ্র রায়ের ছেলে চন্দন চন্দ্র রায়।

পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ডিউটিতে থাকা এসআই (নিরস্ত্র) মো. আসাদুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযানটি পরিচালনা করেন। এ ঘটনায় চিরিরবন্দর থানায় দণ্ডবিধির ৪৫৭ ও ৩৮০ ধারায় মামলা হয়েছে। মামলার নম্বর ৪১/২৬ এবং জিআর নম্বর ২৮৩/২৬ (চিরিরবন্দর)।

মামলাটির তদন্তের দায়িত্ব পেয়েছেন এসআই মো. আসাদুজ্জামান। পুলিশ বলছে, চুরির ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত এবং বাকি চুরি যাওয়া মালামাল উদ্ধারে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ