• ২০২৬ অক্টোবর ০৬, মঙ্গলবার, ১৪৩৩ আশ্বিন ২১
  • সর্বশেষ আপডেট : ০৬:১০ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

ভালুকায় অটো গ্যারেজে ভয়াবহ আগুন, পুড়ল ১১ অটোরিকশা ও মোটরসাইকেল

  • প্রকাশিত ০৬:১০ অপরাহ্ন মঙ্গলবার, অক্টোবর ০৬, ২০২৬
ভালুকায় অটো গ্যারেজে ভয়াবহ আগুন, পুড়ল ১১ অটোরিকশা ও মোটরসাইকেল
Time Bangla news
ইমন সরকার ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ভালুকায় অটো গ্যারেজে ভয়াবহ আগুন, পুড়ল ১১ অটোরিকশা ও মোটরসাইকেল


 ময়মনসিংহের ভালুকায় ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ দেওয়ার সময় একটি গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গ্যারেজে থাকা ১১টি ব্যাটারিচালিত অটোরিকশা, একটি মোটরসাইকেল এবং সংলগ্ন মুদির দোকানের মালামাল ও একটি ফ্রিজ পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার (৬ অক্টোবর) ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের মামারিশপুর এলাকায় ইদ্রিস অটো গ্যারেজে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাতে গ্যারেজে অটোরিকশাগুলো চার্জে দেওয়া ছিল। এ সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মুহূর্তের মধ্যে আগুন গ্যারেজের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ভালুকা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

প্রায় এক ঘণ্টার চেষ্টায় ১৪ জন ফায়ার সার্ভিস কর্মী আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে গ্যারেজে চার্জে থাকা ১১টি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেল সম্পূর্ণ পুড়ে যায়। একই সঙ্গে পাশের মুদির দোকানের মালামাল ও একটি ফ্রিজও আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, ক্ষতিগ্রস্ত অটো গ্যারেজটির কোনো ফায়ার লাইসেন্স ছিল না। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় আশপাশের বসতবাড়ি ও অন্যান্য স্থাপনায় আগুন ছড়িয়ে পড়ে বড় ধরনের ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা এড়ানো সম্ভব হয়েছে।

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান বলেন, "বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় আনুমানিক ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।"

সর্বশেষ