• ২০২৬ অক্টোবর ০৬, মঙ্গলবার, ১৪৩৩ আশ্বিন ২১
  • সর্বশেষ আপডেট : ০৬:১০ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

ছিনতাইকারী ধরতে গিয়ে বাসের ধাক্কায় প্রাণ গেল সি এম পির এক পুলিশ সদস্যের।*

  • প্রকাশিত ০৬:১০ অপরাহ্ন মঙ্গলবার, অক্টোবর ০৬, ২০২৬
ছিনতাইকারী ধরতে গিয়ে বাসের ধাক্কায় প্রাণ গেল সি এম পির এক পুলিশ সদস্যের।*
Time Bangla news
ফজলে এলাহী সুমন | সাভার প্রতিনিধি | টাইম বাংলা নিউজ।

*ছিনতাইকারী ধরতে গিয়ে বাসের ধাক্কায় প্রাণ গেল সি এম পির এক পুলিশ সদস্যের।* 


 *উপশিরোনাম:* ওয়াসা মোড়ে ধাওয়া করতে গিয়ে মোটরসাইকেলে বাসের ধাক্কা; আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় কনস্টেবল আল আমিনের মৃত্যু ।

চট্টগ্রাম নগরীর ওয়াসা মোড়ে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে আটক করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পুলিশ কনস্টেবল আল আমিন সরদার (২৮)। রোববার সকালে দায়িত্ব পালনকালে মোটরসাইকেল নিয়ে এক যুবককে ধাওয়া করার সময় দ্রুতগতির একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোররাতে তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, রোববার সকাল সাড়ে ৬টার দিকে কোতোয়ালী থানার আওতাধীন ওয়াসা মোড় এলাকায় জমিয়াতুল ফালাহ জামে মসজিদের সামনে চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন আল আমিনসহ কয়েকজন পুলিশ সদস্য। এ সময় তিন যুবকের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের থামার সংকেত দেওয়া হয়। কিন্তু তাদের একজন পুলিশের নির্দেশ অমান্য করে দৌড়ে পালানোর চেষ্টা করেন।

চেকপোস্টের ইনচার্জ এএসআই হিরণ মিয়া ওই যুবককে পায়ে হেঁটে অনুসরণ করেন। অন্যদিকে পালিয়ে যাওয়া ব্যক্তিকে সামনে থেকে আটক করার উদ্দেশ্যে আল আমিন মোটরসাইকেল নিয়ে মসজিদের পশ্চিম গেটের দিকে এগিয়ে যান।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ওই সময় পেছন দিক থেকে ‘লিডার্স স্কুল অ্যান্ড কলেজ’-এর একটি বাস এসে আল আমিনের মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে সড়কে পড়ে যান। পরে বাসটি তাকে প্রায় ৫০ থেকে ১০০ ফুট পর্যন্ত টেনে নিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন।

সহকর্মী ও স্থানীয়দের সহায়তায় দ্রুত তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোররাত ৩টা ৫০ মিনিটের দিকে তার মৃত্যু হয়।

ঘটনার পর স্থানীয়দের সহায়তায় বাসটির চালক মোশাররফ (৩৮) ও হেলপার জয় দাসকে (৩০) আটক করে পুলিশ। দুর্ঘটনায় জড়িত বাসটিও জব্দ করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে মামলা করা হয় এবং গ্রেপ্তার দেখানো হয়।

সিএমপির সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ জানান, দায়িত্ব পালন করতে গিয়ে তরুণ পুলিশ সদস্য আল আমিনের মৃত্যুতে সিএমপি পরিবার গভীরভাবে শোকাহত। সোমবার বেলা ১১টায় সিএমপি পুলিশ লাইন্সে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সহকর্মীরা অংশ নেন। পরে মরদেহ তার গ্রামের বাড়ি মাদারীপুরে পাঠানো হয়।

সিএমপির দক্ষিণ বিভাগের উপকমিশনার হাবিবুর রহমান প্রামাণিক জানান, এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা হয়েছে। গ্রেপ্তার দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে। দায়িত্ব পালনকালে নিহত পুলিশ সদস্যের পরিবারকে প্রচলিত আইন অনুযায়ী আর্থিক ক্ষতিপূরণ ও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

২০২২ সালের ১৬ জুলাই বাংলাদেশ পুলিশে যোগ দেন আল আমিন সরদার। তিনি সিএমপির পুলিশ অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) শাখায় কর্মরত ছিলেন এবং কোতোয়ালী থানায় সংযুক্ত ছিলেন। মাদারীপুর সদর উপজেলার উত্তর দুধখালী গ্রামের আব্দুল হক সরদারের ছেলে আল আমিন ব্যক্তিজীবনে বিবাহিত। তার তিন মাস বয়সী একটি সন্তান রয়েছে।

আল আমিনের মৃত্যুতে শোক জানিয়েছেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী। শোকবার্তায় তিনি বলেন, পুলিশে যোগদানের পর আল আমিন সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তার অকালমৃত্যুতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যরা গভীরভাবে শোকাহত। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।

সর্বশেষ