• ২০২৬ অক্টোবর ০৬, মঙ্গলবার, ১৪৩৩ আশ্বিন ২১
  • সর্বশেষ আপডেট : ০৮:১০ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

*ষষ্ঠ শ্রেণিতে আসছে চার নতুন বিষয়।*

  • প্রকাশিত ০৯:১০ অপরাহ্ন মঙ্গলবার, অক্টোবর ০৬, ২০২৬
*ষষ্ঠ শ্রেণিতে আসছে চার নতুন বিষয়।*
Time Bangla news
ফজলে এলাহী সুমন | সাভার প্রতিনিধি | টাইম বাংলা নিউজ।

*ষষ্ঠ শ্রেণিতে আসছে চার নতুন বিষয়।* 


*উপশিরোনাম:* ২০২৭ শিক্ষাবর্ষে নতুন সংযোজন, কারিগরি ও বাস্তবমুখী শিক্ষায় জোর; ২০২৮ সালেও পাঠ্যক্রমে আসবে প্রয়োজনীয় পরিবর্তন। 

২০২৭ শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ শ্রেণির পাঠ্যক্রমে চারটি নতুন বিষয় যুক্ত করার পরিকল্পনা নিয়েছে সরকার। শিক্ষাব্যবস্থাকে আরও আধুনিক, আনন্দময় ও কর্মমুখী করার অংশ হিসেবে এসব বিষয় অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার দুপুরে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, পরিবর্তিত সময়ের চাহিদা বিবেচনায় শিক্ষার্থীদের শুধু প্রচলিত পাঠ্যবইনির্ভর শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তবমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষার সুযোগ তৈরি করতে হবে। এ লক্ষ্যেই নতুন শিক্ষাক্রমে আনন্দময় শিক্ষা, কারিগরি জ্ঞান, খেলাধুলা ও সংস্কৃতির মতো বিষয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি জানান, ২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে চারটি নতুন বিষয় অন্তর্ভুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে শিক্ষার্থীদের প্রয়োজন ও সময়ের চাহিদা অনুযায়ী পাঠ্যক্রমে পরিবর্তন আনা হবে। ২০২৮ সাল থেকেও প্রয়োজন অনুযায়ী পাঠ্যবই ও শিক্ষাক্রমে আরও পরিমার্জন এবং নতুন বই সংযোজনের পরিকল্পনা রয়েছে।

শিক্ষামন্ত্রীর ভাষ্য, ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ ও আত্মনির্ভর করে গড়ে তুলতে শিক্ষার সঙ্গে বাস্তব জীবনের যোগসূত্র আরও শক্তিশালী করা প্রয়োজন। কারিগরি শিক্ষা, খেলাধুলা ও সংস্কৃতিচর্চার মাধ্যমে শিক্ষার্থীদের বহুমুখী প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করাই সরকারের অন্যতম লক্ষ্য।

কুমিল্লায় আয়োজিত জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন এমপি।

এ ছাড়া অনুষ্ঠানে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহাদাত হোসাইন, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবুল খায়ের মোহাম্মদ আক্কাস আলী, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মো. সাখাওয়াত হোসেন খান এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আখতারুজ্জামানসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দেশের বিভিন্ন শিক্ষা বোর্ডের শিক্ষার্থীদের অংশগ্রহণে এবারের জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

সর্বশেষ