১৫ দিনের লালন সাঁইয়ের দানবাক্সে মিললো ৮ লাখ ২৭ হাজার টাকা
মাত্র ১৫ দিনের ব্যবধানে কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় অবস্থিত ফকির লালন সাঁইয়ের বারামখানা খ্যাত আখড়াবাড়ির মাজারের দানবাক্স আবারও খোলা হয়েছে। এবার দানবাক্স দুটি থেকে পাওয়া গেছে নগদ ৮ লাখ ২৭ হাজার ৪৫০ টাকা।
সোমবার (২৬ অক্টোবর) সকাল পৌনে ১১টার দিকে লালন মাজারের দুটি দানবাক্সের সিলগালা আনুষ্ঠানিকভাবে খোলা হয়।এ সময় কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জাকির হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাইসুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে, গত ১০ অক্টোবর প্রথমবারের মতো প্রকাশ্যে মাজারের দানবাক্স খুলে গণনা করা হয়েছিল। সেদিন দানবাক্স থেকে ৬ লাখ ৪৯ হাজার ৩৪৮ টাকা পাওয়া যায়। প্রাপ্ত টাকা লালন একাডেমির নির্ধারিত ব্যাংক হিসাবে জমা করা হয়েছিল।
দানবাক্স খোলার বিষয়টি নিশ্চিত করে কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাইসুল ইসলাম বলেন, ফকির লালন সাঁইয়ের দুটি প্রধান উৎসবকে কেন্দ্র করে বছরে চারবার আনুষ্ঠানিকভাবে দানবাক্স খোলা হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় ১৩৬তম তিরোধান দিবসের সাত দিন পর আজ দানবাক্স খোলা হয়। গণনায় ৮ লাখ ২৭ হাজার ৪৫০ টাকা পাওয়া গেছে, যা আজই নির্দিষ্ট ব্যাংক হিসাব নম্বরে জমা দেওয়া হবে।
প্রতি বছর লালন সাঁইয়ের স্মরণোৎসব ও তিরোধান দিবস উপলক্ষে ছেঁউড়িয়ার আখড়াবাড়িতে লাখো ভক্ত-অনুরাগীর সমাগম ঘটে। তাদের দেওয়া দান থেকেই এই অর্থ সংগ্রহ করা হয়, যা লালন একাডেমির উন্নয়ন ও সার্বিক পরিচালনায় ব্যয় করা হয়ে থাকে।
মতামত দিন