৪-৭ নভেম্বর সারা দেশে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে: পেট্রোবাংলা
প্রকাশ: রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৬:০৪
সামিট এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য ৪ নভেম্বর সকাল ৮টা থেকে ৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ থাকবে।
কক্সবাজারের মহেশখালীস্থ সামিট এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ৪ থেকে ৭ নভেম্বর গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
রোববার (১ নভেম্বর) এক বার্তায় এ কথা জানিয়েছে পেট্রোবাংলা।
বার্তায় জানানো হয়, সামিট এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য ৪ নভেম্বর সকাল ৮টা থেকে ৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ থাকবে। এই সময়ে জাতীয় গ্যাস গ্রিডে বর্তমান দৈনিক সরবরাহ ৯২০ মিলিয়ন ঘনফুট থেকে ৩২০ মিলিয়ন ঘনফুট হ্রাস পেয়ে ৬০০ মিলিয়ন ঘনফুট হবে। ফলে এ সময়ে সারা দেশে গ্রাহক প্রান্তে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।
উল্লেখ্য, গতবছরের ডিসেম্বরেও এই রক্ষণাবেক্ষণ কার্যক্রম গ্রহণ করা হয়েছিল।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
মতামত দিন