• ২০২৬ নভেম্বর ০২, সোমবার, ১৪৩৩ কার্তিক ১৭
  • সর্বশেষ আপডেট : ০১:১১ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

হিফজ থেকে O-Level, এভেরোজের সমাবর্তনে ১৩৯ শিক্ষার্থীর সাফল্য উদযাপন।*

  • প্রকাশিত ০১:১১ পূর্বাহ্ন সোমবার, নভেম্বর ০২, ২০২৬
হিফজ থেকে O-Level, এভেরোজের সমাবর্তনে ১৩৯ শিক্ষার্থীর সাফল্য উদযাপন।*
Time Bangla news
ফজলে এলাহী সুমন | সাভার প্রতিনিধি | টাইম বাংলা নিউজ।

*হিফজ থেকে O-Level, এভেরোজের সমাবর্তনে ১৩৯ শিক্ষার্থীর সাফল্য উদযাপন।* 

ধর্মীয় শিক্ষা ও আন্তর্জাতিক পাঠ্যক্রমের সমন্বয়ে শিক্ষার্থীদের অর্জন উদযাপন করেছে এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল লালমাটিয়া। প্রতিষ্ঠানটির চতুর্থ হিফজ ও O/A Level সমাবর্তন-২০২৬ অনুষ্ঠানে পবিত্র কোরআনের হিফজ সম্পন্ন করা ৫৪ জন এবং O-Level ও A-Level পরীক্ষায় উত্তীর্ণ ৮৫ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার রাজধানীর সেনাপ্রাঙ্গণ কনভেনশন হলে আয়োজিত দিনব্যাপী এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক খান মো. আক্তারুজ্জামান।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে খান মো. আক্তারুজ্জামান বলেন, কোরআনের শিক্ষা, আধুনিক জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে শিক্ষার্থী গড়ে তোলার লক্ষ্য নিয়েই এভেরোজের যাত্রা শুরু। শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি এ পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জন করেছে।

তিনি জানান, ২০১৯ সাল থেকে O-Level ও A-Level পরীক্ষায় শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে ভালো ফল করে আসছে। ওয়ার্ল্ড হায়েস্ট ও কান্ট্রি হায়েস্টসহ বিভিন্ন আন্তর্জাতিক স্বীকৃতি প্রতিষ্ঠানটির অর্জনকে সমৃদ্ধ করেছে। শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে কার্যক্রম আরও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে প্রায় এক হাজার আবেদনকারীর মধ্য থেকে ৪০০ শিক্ষার্থীকে ভর্তির জন্য নির্বাচিত করা হয়েছে। শিক্ষা কার্যক্রম সম্প্রসারণে রাজধানীর বনশ্রীতে নতুন শাখা চালুর কাজ শুরু হয়েছে। পাশাপাশি লালমাটিয়ায় নিজস্ব স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার পরিকল্পনাও রয়েছে।

শিক্ষার মান ও প্রতিষ্ঠান পরিচালনায় স্বচ্ছতার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, শিক্ষা কোনো পণ্য নয়, আর শিশুদের ভবিষ্যৎ প্রচারণার বিষয় হতে পারে না। এটি একটি আমানত। তাই মিথ্যা তথ্য, চটকদার বিজ্ঞাপন কিংবা বাস্তবায়ন করা সম্ভব নয়—এমন প্রতিশ্রুতি দিয়ে অভিভাবকদের বিভ্রান্ত করা উচিত নয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান সাজেদা আক্তার, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মো. আতাউর রহমান মিয়াজী, হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আব্দুল হক এবং সোবহানবাগ জামে মসজিদ কমপ্লেক্সের খতিব শাহ ওয়ালিউল্লাহ।

এ ছাড়া আন্তর্জাতিক শিক্ষা কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন। তাঁদের মধ্যে ছিলেন পিয়ারসন এডেক্সেলের বাংলাদেশ ও নেপালের আঞ্চলিক ডেভেলপমেন্ট ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন, ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্টের বাংলাদেশ কান্ট্রি লিড সারোয়ার রেজা, অক্সফোর্ড এ কিউ এ-র কান্ট্রি ডিরেক্টর শাহিন রেজা এবং পিয়ারসন এডেক্সেলের আঞ্চলিক ডেভেলপমেন্ট ম্যানেজার জান্নাতুল ফেরদৌস সিগমা।

সমাবর্তনের আনুষ্ঠানিকতায় ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন আয়োজন ছিল। পবিত্র কোরআন তিলাওয়াত, আসমাউল হুসনা, আরবি ও ইংরেজি নাশিদ, সম্মিলিত কোরআন তিলাওয়াত, বাংলা গানের ম্যাশআপ এবং বিশেষ নাট্য পরিবেশনা অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে। এ ছাড়া প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন ও থিম সং পরিবেশন করা হয়।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদেরও সম্মাননা স্মারক দেওয়া হয়। অধ্যক্ষের ধন্যবাদ জ্ঞাপন এবং সমাপনী দোয়ার মধ্য দিয়ে দিনব্যাপী সমাবর্তনের সমাপ্তি ঘটে।

সর্বশেষ