• ২০২৬ নভেম্বর ০২, সোমবার, ১৪৩৩ কার্তিক ১৭
  • সর্বশেষ আপডেট : ০১:১১ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

তাহসিফ হত্যা: দিশা-দীপের যোগসূত্র খুঁজছে পুলিশ

  • প্রকাশিত ০২:১১ পূর্বাহ্ন সোমবার, নভেম্বর ০২, ২০২৬
তাহসিফ হত্যা: দিশা-দীপের যোগসূত্র খুঁজছে পুলিশ
Time Bangla news
ফজলে এলাহী সুমন | সাভার প্রতিনিধি | টাইম বাংলা নিউজ।

*তাহসিফ হত্যা: দিশা-দীপের যোগসূত্র খুঁজছে পুলিশ ।* 


 *উপশিরোনাম:* তাহসিফ হত্যা মামলায় দিশার চার দিনের রিমান্ড, সিসিটিভিতে মিলেছে একসঙ্গে চলার তথ্য। 

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় গ্রেপ্তার জেরিকা তাসনিম দিশাকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। হত্যাকাণ্ডের আগে নিহত তাহসিফের সঙ্গে তার একাধিক স্থানে অবস্থান এবং যোগাযোগের তথ্য পাওয়ার পর এসব বিষয় খতিয়ে দেখতে তাকে জিজ্ঞাসাবাদ করতে চায় তদন্তকারী সংস্থা।

রোববার (১ নভেম্বর) ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেন শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন দিশাকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের রিমান্ড আবেদনে বলা হয়েছে, তথ্যপ্রযুক্তির সহায়তায় পাওয়া উপাত্ত এবং রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে হত্যাকাণ্ডের আগে তাহসিফের সঙ্গে দিশার যোগাযোগ ও একসঙ্গে চলাফেরার তথ্য পাওয়া গেছে। গত ২৭ অক্টোবর সন্ধ্যায় ডিপি ফাইভ স্টার স্ন্যাকস এবং রাতে নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্টে তাদের দুজনকে একসঙ্গে দেখা যায়। এ ছাড়া একটি মোটরসাইকেল গ্যারেজের সিসিটিভি ফুটেজেও তাদের একসঙ্গে যাওয়ার দৃশ্য পাওয়া গেছে বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

তদন্তসংশ্লিষ্টদের ধারণা, এসব তথ্যের সঙ্গে আগে গ্রেপ্তার হওয়া আহমেদ শাহরিয়ার রেজা দীপের দেওয়া বক্তব্য মিলিয়ে দেখলে হত্যাকাণ্ডের পেছনের ঘটনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। পাশাপাশি ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা শনাক্ত এবং প্রয়োজনীয় আলামত উদ্ধারের বিষয়টিও তদন্তে গুরুত্ব পাচ্ছে।

মামলার এজাহার অনুযায়ী, গত ২৭ অক্টোবর সন্ধ্যা ৬টার পর দীপ নামে এক জুনিয়রের ডাকে বাসা থেকে বের হন তাহসিফ। রাতে বাসায় না ফেরায় পরিবারের সদস্যরা তার সঙ্গে যোগাযোগ করেন। তখন তিনি কিছুক্ষণের মধ্যে ফিরে আসার কথা জানান। রাত ১টা ৩৫ মিনিটে তার ফোন থেকে মায়ের মেসেঞ্জারে একটি ভয়েস বার্তা পাঠানো হয়, যেখানে তিনি ‘রওনা দিয়েছি, আসছি’ বলে জানান।

তবে এরপরও তিনি বাসায় ফেরেননি। পরদিন ২৮ অক্টোবর বিকেল ৫টা ২০ মিনিটের দিকে উত্তরখানের রাজারবাড়ি ঘাট এলাকায় তুরাগ নদ থেকে তার মরদেহ উদ্ধারের খবর পায় পরিবার। পরে ময়নাতদন্তের প্রাথমিক কার্যক্রম শেষে ২৯ অক্টোবর পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। ওই দিন বিকেলে উত্তরা ১২ নম্বর সেক্টরের কবরস্থানে তাকে দাফন করা হয়।

এ ঘটনায় নিহতের বাবা কে এম এনায়েতুল করিম উত্তরখান থানায় হত্যা মামলা করেন। এর আগে মামলার আরেক সন্দেহভাজন হিসেবে আহমেদ শাহরিয়ার রেজা দীপকে রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডের একটি বাসা থেকে আটক করা হয়। পরে আদালত তারও চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

তাহসিফ হত্যার প্রকৃত কারণ, ঘটনার সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের পরিচয় এবং হত্যাকাণ্ডের বিস্তারিত তথ্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

সর্বশেষ