**শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতার অভিযোগ, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৩।**
রাজধানীতে পোশাকশ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে সড়ক ও মহাসড়কে ভাঙচুর, যানবাহনে অগ্নিসংযোগসহ বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৩৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রয়েছেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, গার্মেন্টস শ্রমিকের ছদ্মবেশে একটি চক্র রাজধানীর বিভিন্ন এলাকায় ভাঙচুর, গাড়িতে অগ্নিসংযোগ ও নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে। এসব ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের অনেককে ঘটনার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে শনাক্ত করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করেনি পুলিশ। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ডিএমপি।
পুলিশের ভাষ্য, গত কয়েক দিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনা ঘটছে। এর আগে রোববার শ্রমিক আন্দোলনে সংশ্লিষ্টতার অভিযোগে রাজধানীর মিরপুর এলাকা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ এবং আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের ১৯ নেতাকর্মীকে আটক করা হয়।
মতামত দিন