অভাবের তাড়নায় বাগেরহাটের মোড়েলগঞ্জের এক বছর তিন মাস বয়সের শিশুপুত্রকে মাত্র ৩০ হাজার টাকায় বিক্রি করে দিয়েছেন এক মা। এ ঘটনায় মোড়েলগঞ্জ ও মোংলা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, মোড়েলগঞ্জ উপজেলার বারইখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আনিকা আক্তারের (১৮) প্রায় দুই বছর আগে চট্টগ্রামে হাসান চৌধুরীর সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে একটি ছেলে সন্তানের জন্ম হয়। শিশুটির নাম আল আমিন। পরে পারিবারিক কারণে স্বামীর সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে তিনি শিশু সন্তানকে নিয়ে বাবার বাড়ি বারইখালীতে ফিরে আসেন। বাবার পরিবারে অভাব-অনটন থাকায় আনিকা তার সন্তান বিক্রির সিদ্ধান্ত নেন। এরপর গত বুধবার (১১ নভেম্বর) বিকালে তাদের প্রতিবেশী নাছির শিকদারের স্ত্রী ও আনিকার বাবা পলাশ শেখের সহযোগিতায় মোংলায় নিঃসন্তান এক ব্যক্তির কাছে ৩০ হাজার টাকায় শিশুটিকে হস্তান্তর করা হয়। বিষয়টি জানাজানি হলে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এ বিষয়ে আনিকা বলেন, আমার বাচ্চাকে খাওয়া ও চিকিৎসার খরচ চালাতে পারি না বলে ৩০ হাজার টাকায় বিক্রি করে দিয়েছি।
এদিকে শিশুটির নিরাপত্তা নিশ্চিত করা, ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
মতামত দিন