কুষ্টিয়ায় মাদ্রাসার ছাত্রকে বলাৎকার ও নির্যাতনের অভিযোগে শিক্ষক আটক
কুষ্টিয়া শহরের একটি মাদ্রাসায় এক ছাত্রকে (শিশু) দীর্ঘদিন ধরে বলাৎকার ও শারীরিক নির্যাতনের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক আবির হাসানকে (২৩) আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। বর্তমানে রক্তাক্ত ও অসুস্থ অবস্থায় ভুক্তভোগী শিশুটিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে শহরের আড়ুয়াপাড়া এলাকার মোহাম্মদিয়া শামসুল উলুম মাদ্রাসায় এ ঘটনা ঘটে। আটক শিক্ষক আবির হাসান চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া এলাকার নুরুল ইসলামের ছেলে।
পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, প্রায় সাত মাস আগে ওই শিশুকে মোহাম্মদিয়া শামসুল উলুম মাদ্রাসায় ভর্তি করানো হয়। প্রথম দুই মাস সবকিছু স্বাভাবিক থাকলেও এরপর থেকে শিশুটি প্রায়ই অসুস্থ হয়ে পড়তে থাকে। বাড়িতে এনে চিকিৎসা করালে সুস্থ হলেও মাদরাসায় পাঠানোর পর আবারও অসুস্থ হয়ে পড়ত। একপর্যায়ে সে মাদরাসায় যেতে চরম অস্বীকৃতি জানায়।
পরিবারের অভিযোগ, মাদরাসায় থাকাকালে শিশুটির বমি, বমির সঙ্গে রক্ত বের হওয়া এবং তীব্র পেটব্যথার মতো উপসর্গ দেখা দেয়। সন্তানের শরীরে নির্যাতনের চিহ্ন ও অসুস্থতার বিষয়টি নিয়ে পরিবার প্রতিবাদ জানালে অভিযুক্ত শিক্ষক উল্টো শিশুটির মাকে মাদরাসায় ডেকে নিয়ে শারীরিক নির্যাতন করেন। পরবর্তীতে শিশুটির শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হলে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনা জানাজানি হলে শিশুটির পরিবারের সদস্য ও ক্ষুব্ধ স্থানীয়রা মাদরাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষক আবির হাসানের মুখোমুখি হন। এ সময় শিশুটির ওপর চালানো নির্যাতনের বীভৎস তথ্য সামনে এলে উত্তেজিত জনতা শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন।
ভুক্তভোগী শিশুটির মা জানান, চরম ভয়ের কারণে তার সন্তান দীর্ঘদিন বিষয়টি কাউকে বলতে পারেনি। সম্প্রতি গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ার পর দাদির কাছে সাহস করে সব খুলে বলে সে। অভিযুক্ত শিক্ষক তাকে নিয়মিত বলাৎকার করতেন বলে জানায় শিশুটি।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. ইকবাল হাসান জানান, ভুক্তভোগী শিশুটিকে হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে এবং সে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, ‘ঘটনাটি অত্যন্ত সংবেদনশীল। অভিযুক্ত মাদ্রাসা শিক্ষককে এরই মধ্যে আটক করা হয়েছে এবং ভুক্তভোগী ছাত্র হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
মতামত দিন