• ২০২৬ নভেম্বর ১৭, মঙ্গলবার, ১৪৩৩ অগ্রহায়ণ ৩
  • সর্বশেষ আপডেট : ১০:১১ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

গ্রাম থেকে জাতীয় মঞ্চে কুষ্টিয়ার দুর্বাচারা বিদ্যালয়ের মেয়েদের অদম্য জয়

  • প্রকাশিত ০৬:১১ পূর্বাহ্ন মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬
গ্রাম থেকে জাতীয় মঞ্চে কুষ্টিয়ার দুর্বাচারা বিদ্যালয়ের মেয়েদের অদম্য জয়
Time Bangla news
তিতাস আহম্মেদ

গ্রাম থেকে জাতীয় মঞ্চে কুষ্টিয়ার দুর্বাচারা বিদ্যালয়ের মেয়েদের অদম্য জয়

সামাজিক সব বাধা আর প্রতিকূলতাকে বুড়ো আঙুল দেখিয়ে কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের দুর্বাচারা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের  প্রত্যন্ত গ্রামে মেয়েরা জাতীয় পর্যায়ে হ্যান্ডবল প্রতিযোগিতায় টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়ে কুষ্টিয়াকে গর্বিত করেছে।

​২০২২-১৩ সালের দিকে বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক যখন মেয়েদের নিয়ে হ্যান্ডবল টিম গঠনের কথা বলেন, তখন এলাকার মানুষ ও শিক্ষক সমাজের অনেকেই বিষয়টি স্বাভাবিকভাবে নেননি। বল কিংবা জার্সি কেনার মতো ন্যূনতম আর্থিক সংকটও ছিল নিত্যসঙ্গী। স্কুলের ফান্ডে টাকা না থাকায় স্থানীয় রাজনৈতিক নেতা ও প্রশাসনের সামান্য সহায়তায় শুরু হয় তাদের সংগ্রাম।

​তবে মেয়েরা যখন একের পর এক খেলায় জয়ী হয়ে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে ট্রফি নিয়ে ফিরল, তখন চারপাশের সেই নেতিবাচক ধারণা পুরোপুরি বদলে যায়। যে অভিভাবকরা একসময় মেয়েদের খেলতে নিষেধ করতেন, আজ তারাই নিজ মেয়েদের খেলার মাঠে পাঠাতে আগ্রহী হচ্ছেন। দলের খেলোয়াড় মায়মুনা খাতুন, যে প্রতিদিন নাতুড়িয়া গ্রাম থেকে ভ্যানে ৭ কিলোমিটার পথ পাড়ি দিয়ে স্কুলে আসত, সে জানায়—শুরুতে কটূকথা শুনতে হলেও এখন সবার ভালোবাসায় তাদের কষ্ট সার্থক হয়েছে।

​দাপুটে পারফরম্যান্সে অপরাজিত চ্যাম্পিয়ন

​মাউশির অধীনে ‘বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির ৫৩তম গ্রীষ্মকালীন হ্যান্ডবল প্রতিযোগিতার’ বালিকা বিভাগে অংশ নিয়ে দুর্বাচারা দল অপরাজিত চ্যাম্পিয়ন হয়। লিগ পর্বে বকুল অঞ্চলকে ১৬-১ এবং চাঁপা অঞ্চলকে ২৭-১ গোলে বিধ্বস্ত করার পর, গত ৯ অক্টোবর ফাইনাল ম্যাচে পদ্ম অঞ্চলকে ৩২-৩ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে ট্রফি নিজেদের করে নেয় এই অদম্য কন্যারা।

​অদম্য কিশোরীদের সাফল্যে এখন তাদের নিয়ে চলছে কাড়াকাড়ি। কুষ্টিয়া সরকারি কলেজ ও কুষ্টিয়া মহিলা কলেজের শিক্ষকরা তাদের নিজেদের কলেজে ভর্তি করতে সরাসরি স্কুলে ছুটে যাচ্ছেন। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে চাকরি, বিকেএসপিতে খেলার সুযোগ এবং অন্তত আটজন খেলোয়াড়ের জাতীয় দলে ডাক পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

​জানা যায় কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার তাদের নিয়মিত পৃষ্ঠপোষকতা করে যাচ্ছেন। তিনি জানান, ক্রীড়া প্রতিমন্ত্রীকে এনে  চ্যাম্পিয়নদের সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা চলছে। 

কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌহিদ বিন হাসানও জানিয়েছেন, মেয়েরা খেলাধুলাকে পেশা হিসেবে নিতে চাইলে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা দেওয়া হবে।

​দুর্বাচারা স্কুলের এই সাহসী মেয়েরা প্রমাণ করে দিয়েছে—সুযোগ পেলে কুষ্টিয়ার প্রত্যন্ত গ্রামের মেয়েরাও দেশের সীমানা পেরিয়ে বিশ্বজয় করতে পারে।

সর্বশেষ